[ দেশজুড়ে ]
ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের
ছবি: সংগৃহীত
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মা ও তার আট বছর বয়সী মেয়ে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল বাইপাস সড়কসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঘোড়াশালের ফুলদিরটেক এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী রাশেদুল ইসলামের স্ত্রী আকলিমা আক্তার পাখি (৩০) ও তাদের মেয়ে রাফা মনি (৮)। তারা স্থানীয় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়েকে নিয়ে ঘোড়াশাল বাইপাস এলাকার রেললাইনে ওঠেন আকলিমা। এ সময় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হয় মেয়ে রাফা মনি।
পরে স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে আকলিমা আক্তার পাখির মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে/জেডআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!