ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

আখাউড়ায় মন্দিরে চুরি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৬, ১২ অক্টোবর ২০২৬
আখাউড়ায় মন্দিরে চুরি
আখাউড়ায় পৌর শহরের রাধানগরে শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরি। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌর শহরের রাধানগরে শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চুরেরা মন্দিরের পেছনের দিকের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চোরেরা স্বর্ণ ও রুপার অলংকার, পিতলের মূর্তি এবং প্রণামির বাক্সের টাকা নিয়ে গেছে। এ ঘটনায় মন্দির-সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

আজ সোমবার সকালে মন্দিরের পুরোহিত পূজা দিতে এসে চুরির বিষয়টি দেখতে পান। পরে খবর পেয়ে মন্দির পরিচালনা কমিটির সদস্য, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চুরির ঘটনা তদন্ত শুরু করে।

মন্দির-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার রাত ৯টার পর থেকে সোমবার সকালের মধ্যে কোনো একসময় চুরির ঘটনা ঘটে। চোরেরা মন্দিরের পেছনের দিকের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর মন্দিরে থাকা স্বর্ণ ও রুপার অলংকার, পিতলের দুটি মূর্তিসহ ছয়টি মূর্তি এবং প্রণামির বাক্সে জমা থাকা টাকা নিয়ে যায়। ওই বাক্সে প্রায় ছয় মাসের প্রণামির টাকা জমা ছিল বলে জানা গেছে।
তবে চুরি হওয়া স্বর্ণ ও রুপার অলংকারের পরিমাণ এবং প্রণামির বাক্সে থাকা মোট টাকার সঠিক হিসাব তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মন্দিরের পুরোহিত বিমল চক্রবর্তী জানান, সোমবার সকালে পূজা দিতে এসে তিনি চুরির বিষয়টি দেখতে পান। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তাঁর ধারণা, রোববার রাত ৯টার পর থেকে সোমবার সকালের মধ্যে চুরির ঘটনা ঘটেছে।

রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ জানান, সকালে চুরির খবর পেয়ে মন্দিরে এসে ঘটনার সত্যতা নিশ্চিত হন। মন্দিরের পেছনের দিকের গ্রিল কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে। ওই পাশের সিসি ক্যামেরাটি মেরামতকাজের জন্য খোলা ছিল বলেও জানান তিনি।

আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আলী রেজা মামুন জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কীভাবে চুরির ঘটনা ঘটেছে, কারা এর সঙ্গে জড়িত এবং কী কী মালামাল খোয়া গেছে, তা জানার চেষ্টা চলছে।
 

ডেইলি-বাংলাদেশ/আখাউড়া/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!