ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাজীপুরে কাঁচা রাস্তায় হাজারো মানুষের ভোগান্তি

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩১, ১ অক্টোবর ২০২৬
কাজীপুরে কাঁচা রাস্তায় হাজারো মানুষের ভোগান্তি
সিরাজগঞ্জের কাজীপুরে কাঁচা রাস্তায় চরাঞ্চলের মানুষের ভোগান্তি। ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চলের খাসরাজবাড়ী ইউনিয়নের পীরগাছা গ্রামে প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তার জন্য চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদা-পানিতে একাকার হয়ে পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাসরাজবাড়ী দাখিল মাদরাসা, স্থানীয় বাজার ও মসজিদসহ বিভিন্ন এলাকায় এই কাঁচা রাস্তা দিয়েই প্রতিদিন মানুষকে যাতায়াত করতে হয়। কিন্তু দীর্ঘ দিনেও কাঁচা রাস্তাটি পাকা না হওয়ায় জনগণকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

Advertisement

এলাকাবাসী জানায়, ওই গ্রামে খাসরাজবাড়ী ইউনিয়ন পরিষদের নতুন কার্যালয় এবং পাশাপাশি দুটি হাট-বাজার গড়ে উঠেছে। সময়মতো কৃষি উৎপাদিত পণ্য, মালামাল বাজারে নিতে পারছেনা ব্যবসায়ীরা। ফলে বাড়তি পরিবহন খরচ গুনতে গিয়ে তারা আর্থিক লোকসানের মুখে পড়ছেন। এছাড়া কোনো জরুরি রোগীকে চিকিৎসা সেবার জন্য দ্রুত হাসপাতালে নেওয়ার সুযোগও নেই।

পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের। বর্ষা মৌসুমে হাঁটুসমান কাদা পেরিয়ে কোমলমতি শিশুদের বিদ্যালয়ে যেতে হয়। অনেক সময় পোশাক ও বইখাতা কাদা লেগে নষ্ট হয়ে যায়। এছাড়াও সামান্য বৃষ্টি হলেই শিক্ষার্থীদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, কাঁচা রাস্তাটি পাকা করার জন্য দীর্ঘদিন ধরে তারা স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরছেন। বারবার কেবল আশ্বাস মিললেও বাস্তবে রাস্তাটির কোনো কাজ হয়নি। ভোগান্তি কমাতে অবিলম্বে কাঁচা রাস্তাটি পাকাকরণের জোর দাবি জানিয়েছেন এলাকার জনগণ।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ছাইফুল ইসলাম এবং পিআইও আব্দুর রাজ্জাক বলেন, আগামী অর্থবছরে রাস্তাটির পাকা করার পরিকল্পনা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/জেডআই
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!