আখাউড়ায় ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন এলাকায় তেলবাহী কন্টেইনার ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম রেলপথের ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে জংশনের ১৪ নম্বর ইয়ার্ড এলাকায় সানটিংয়ের সময় ট্রেনটির একটি খালি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে আখাউড়া অংশের ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
.png)
আখাউড়া রেলওয়ে জংশন লোকোশেডের ইনচার্জ মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়। উদ্ধারকারী দলের প্রচেষ্টায় লাইনচ্যুত ওয়াগনটি সরিয়ে নেওয়া হলে রাত ২টার দিকে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ে সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা তেলবাহী কন্টেইনার ট্রেনটি ২১টি ওয়াগন নিয়ে আখাউড়ায় পৌঁছায়। এর মধ্যে ৯টি ওয়াগন আখাউড়া রেলওয়ে স্টেশনে রেখে বাকি ওয়াগনগুলো নিয়ে চট্টগ্রামের দিকে যাওয়ার কথা ছিল।
সানটিংয়ের সময় একটি খালি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হলে ওই অংশে রেল চলাচল ব্যাহত হয়। পরে উদ্ধারকারী ট্রেন গিয়ে দুর্ঘটনাকবলিত ওয়াগনটি উদ্ধার করে। এরপর রাত ২টার দিকে ডাউন লাইনে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।