ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজের ছয় দিন পর নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৩, ২৭ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের ছয় দিন পর নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ছয় দিন পর তিতাস নদী থেকে মুকবুল হোসেন গুড্ডু নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরের দিকে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের মিরপুর এলাকায় তিতাস নদীর পানির তলদেশ থেকে নৌকার সঙ্গে লোহার এঙ্গেল ও রশি দিয়ে  বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মৃত মুকবুল হোসেন (৩৮)  উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের পাঠামারা গ্রামের মোহন মিয়া ব্যপারীর ছেলে। তিনি তিতাস নদীতে বালু উত্তোলনের একটি ড্রেজার ব্যবসার অংশীদার ছিলেন।

জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার পর ড্রেজার থেকে নিখোঁজ হন মুকবুল। এরপর স্বজন ও স্থানীয়রা নদীসহ আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে এ ঘটনায় ২২ সেপ্টেম্বর  বাঞ্ছারামপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। মুকবুলের সন্ধান না পাওয়ায় পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল রোববার সকাল ৮টা থেকে মিরপুর এলাকায় তিতাস নদীতে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় পাঁচ ঘণ্টা তল্লাশির পর দুপুরে দিকে নদীর পানির তলদেশে নৌকার সঙ্গে লোহার এঙ্গেল দিয়ে বাঁধা অবস্থায় মুকবুলের মরদেহের সন্ধান পান ডুবুরিরা। 

Advertisement

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াসিন  বলেন,  মিরপুর এলাকায় তিতাস নদীতে একজনের মরদেহ থাকতে পারে মডেল থানার এমন তথ্যের ভিত্তিতে সকাল ৮টা থেকে তল্লাশি শুরু করি। দুপুর দেড়টার দিকে পানির তলদেশ থেকে নৌকার সঙ্গে বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

 

 

ডেইলি-বাংলাদেশ/বি.বাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!