ঢাকা,  বৃহস্পতিবার   ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাবাডিতে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁও সদর, রানারআপ বালিয়াডাঙ্গী

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৫, ১৬ সেপ্টেম্বর ২০২৬
কাবাডিতে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁও সদর, রানারআপ বালিয়াডাঙ্গী
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। ছবি: ডেইলি বাংলাদেশ

মাদক ও কিশোর অপরাধ থেকে তরুণদের দূরে রাখা এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডিকে নতুন প্রজন্মের মধ্যে জনপ্রিয় করে তুলতে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপ্তি হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ঠাকুরগাঁও সদর থানা দল চ্যাম্পিয়ন এবং বালিয়াডাঙ্গী থানা দল রানারআপ হয়েছে।

‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পুলিশের কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলার বিভিন্ন থানার দল এতে অংশ নেয়।

Advertisement

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোদাদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

আয়োজকেরা জানান, কাবাডি গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা হলেও আধুনিক বিনোদন ও প্রযুক্তিনির্ভরতার কারণে নতুন প্রজন্মের মধ্যে এ খেলাটির চর্চা কমে যাচ্ছে। ফলে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যকে ধরে রাখা এবং তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

তাঁরা আরও জানান, খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব। একই সঙ্গে খেলাধুলাভিত্তিক এ ধরনের আয়োজন পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়াতে ভূমিকা রাখবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ঠাকুরগাঁও
লিংক সফলভাবে কপি হয়েছে!