ঢাকা,  রোববার   ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুল কাটতে বেরিয়ে ৭ মাস নিখোঁজ, ঢাকায় চক্রের হাতে পা হারাল রায়হান

রায়হান সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম) রায়হান সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম)
প্রকাশিত: ২২:৫১, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চুল কাটতে বেরিয়ে ৭ মাস নিখোঁজ, ঢাকায় চক্রের হাতে পা হারাল রায়হান
লোহাগাড়ায় চুনতি সাতগড়ের বাসিন্দা ঢাকার সিন্ডিকেট চক্রের দ্বারা কেড়ে নেওয়া পা হারা রায়হান

চুল কাটার জন্য বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের কিশোর মো. রায়হান। এরপর কেটে গেছে সাত মাস। স্বাভাবিকভাবে নিখোঁজ হওয়া এই কিশোরের পরিণতি এখন ভয়াবহ। অভিযোগ উঠেছে, ঢাকায় একটি চক্রের হাতে পড়ে রায়হান তার ডান পা হারিয়েছে। শুধু তাই নয়, তাকে ভিক্ষা করতেও বাধ্য করা হয়েছে।

রায়হান লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় নয়াপাড়া এলাকার অসহায় দিনমজুর নাজিম উদ্দিনের ছেলে। তবে তারা একই ইউনিয়নের সাতের আগা নামের উঁচু পাহাড়ি এলাকায় বসবাস করেন।

Advertisement

রায়হানের বাবা নাজিম উদ্দিন জানান, প্রায় সাত মাস আগে তিনি ছেলেকে চুল কাটার জন্য ১০০ টাকা দিয়ে দোকানে পাঠান। ওইদিন একটি মিছিলের গাড়িতে করে রায়হান চুনতি বাজারে যায়। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

গতকাল রাতে চুনতি সীরত মাহফিলের সমাপনী দিনে সীরত ময়দানে এদিক-সেদিক ঘুরে ভিক্ষা করছিল রায়হান। এ সময় তার এলাকার এক ব্যক্তি তাকে চিনতে পারেন এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে তার বাবাকে জানান। খবর পেয়ে নাজিম উদ্দিন সেখানে গিয়ে ছেলেকে শনাক্ত করেন। তবে ছেলেকে দেখে তিনি হতবাক হয়ে যান—রায়হানের ডান পা নেই।

পরে রায়হানের কাছ থেকে তার নিখোঁজ হওয়ার পরের ঘটনা জানতে পারেন বাবা। রায়হানের ভাষ্যমতে, কক্সবাজার যাওয়ার পর একটি চক্র তাকে ঢাকায় নিয়ে যায়। ঢাকার রেলওয়ে স্টেশন এলাকায় ওই চক্রের হাতে সে আটকা পড়ে। সেখানে তার ডান পা কেটে ফেলা হয়। এরপর তাকে ভিক্ষা করতে বাধ্য করা হয়।

রায়হান আরও জানায়, তার মতো আরও কয়েকজন শিশুকে ওই চক্র ভিক্ষাবৃত্তিতে ব্যবহার করত। তাদেরও বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে সে দাবি করেছে। রায়হানকে প্রতিদিন ৫০০ টাকা করে চক্রের সদস্যদের দিতে হতো বলেও জানায় সে। পরে চক্রের সদস্যরা তাকে গাড়িভাড়া দিয়ে তার এলাকায় পাঠিয়ে দেয়।

রায়হানের মা নেই। তার সৎ মা রয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানা যায়, সৎ মায়ের নির্যাতন সহ্য করতে না পেরে রায়হান কৌশলে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল।

এক পা হারানো রায়হানের বাবা নাজিম উদ্দিন বলেন, ‘আমার ছেলেকে সাত মাস আগে বাড়ি থেকে বের হওয়ার সময় চুল কাটার জন্য ১০০ টাকা দিয়েছিলাম। ওইদিন একটি মিছিলের গাড়িতে করে সে চুনতি বাজারে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাইনি। গতকাল সীরত মাহফিলে আমার ছেলেকে ভিক্ষা করতে দেখে পরিচিত একজন আমাকে খবর দেন। সেখানে গিয়ে দেখি, আমার ছেলের ডান পা নেই। পরে তার কাছ থেকে জানতে পারি, ঢাকায় একটি চক্র তার পা কেটে তাকে ভিক্ষা করতে বাধ্য করেছে।’

এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে রায়হানের পা হারানোর প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন রায়হানের বাবা ও স্থানীয় এলাকাবাসী।

রায়হানের সামনে এখন অনিশ্চিত ভবিষ্যৎ। দুই পায়ে স্বাভাবিক জীবনযাপনের যে স্বপ্ন ছিল তার, তা কেড়ে নিয়েছে একটি ভয়াবহ ঘটনা। এখন তার চিকিৎসা, পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই পরিবারের প্রধান উদ্বেগ।

ডেইলি-বাংলাদেশ//এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!