ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈদের ছুটিতে সাদাপাথরে পর্যটকদের ঢল

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩০, ২৩ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে সাদাপাথরে পর্যটকদের ঢল
ছবি: ডেইলি বাংলাদেশ

পবিত্র ঈদুল ফিতরের ছুটিকে কেন্দ্র করে সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথরে পর্যটকদের ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ভ্রমণপিপাসু ছুটে আসছেন স্বচ্ছ পানির নদী, সাদাপাথর আর পাহাড়ঘেরা মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। ঈদের দিন থেকেই পর্যটকদের আগমন শুরু হলেও ছুটির দ্বিতীয় দিন থেকে ভিড় আরো বেড়ে যায়। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে আনন্দমুখর সময় কাটাচ্ছেন দর্শনার্থীরা। কেউ নৌকায় ঘুরছেন, কেউ নদীর ঠান্ডা পানিতে নামছেন, আবার কেউ প্রকৃতির সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে ব্যস্ত সময় পার করছেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, পর্যটকদের এমন ভিড় তাদের ব্যবসায় নতুনভাবে প্রাণ সঞ্চার করেছে। নৌকা ভাড়া, খাবারের দোকান, পার্কিংসহ সংশ্লিষ্ট খাতে আয় বেড়েছে কয়েকগুণ। তবে পর্যটকের চাপ বাড়ায় কিছুটা বিশৃঙ্খলাও লক্ষ্য করা গেছে। এমনকি গাড়ি পার্কিং করা নিয়ে বাড়তি টাকা নেয়ার অভিযোগও পাওয়া গেছে।

এদিকে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহল দিচ্ছেন এবং দুর্ঘটনা এড়াতে পর্যটকদের সতর্ক থাকতে বলা হচ্ছে।

Advertisement

পর্যটকরা জানান, সাদাপাথরের প্রাকৃতিক সৌন্দর্য তাদের মুগ্ধ করেছে। তবে পরিবেশ রক্ষায় আরো সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

সংশ্লিষ্টরা বলছেন, পর্যটকদের এমন ইতিবাচক সাড়া অব্যাহত থাকলে সাদাপাথর দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে আরো পরিচিতি পাবে।

এবারের এই লম্বা ছুটিতে সিলেটে ১০ লাখ পর্যটকদের সমাগমের আশা করছেন ব্যবসায়ীরা। সেই লক্ষ্যে পর্যটকদের বরণে সবধরনের প্রস্তুতিও নিচ্ছেন তারা। প্রত্যাশা অনুযায়ী পর্যটকদের আগমন ঘটলে প্রায় শত কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা দেখছেন এই খাতের সংশ্লিষ্টরা।

পর্যটন ব্যবসায়ীরা জানান, সিলেটের সব হোটেল ও রিসোর্টে বুকিং সম্পন্ন হয়েছে। দীর্ঘদিনের মন্দা কাটিয়ে পর্যটন খাত আবারো ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা তাদের।

গতকাল রোববার সিলেটের সাদাপাথর পর্যটন স্পট ঘুরে দেখা যায়, পর্যটকদের উপচেপড়া ভিড় রয়েছে সেখানে। পার্কিং থেকে শুরু করে স্পটের ভ্রাম্যমাণ ব্যবসায়ী সকলেই উৎসবের আমেজে রয়েছেন। পর্যটকদের এমন উপস্থিতিতে সকলেই আনন্দ।  পাশাপাশি পর্যটকরাও আনন্দের সঙ্গে সময় কাটাচ্ছেন এই স্পটটিতে।

ঢাকা থেকে আসা সুমি বেগম বলেন, সাদা পাথরে ঘুরতে বরাবরই ভালো লাগে। এবারো ঘুরতে এসে খুব আনন্দিত। অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম আসার। ঈদের ছুটিটা সুবিধামত পাওয়ায় চলে আসছি।

খোঁজ নিয়ে জানা গেছে, ভ্রমণপিপাসুদের কাছে বরাবরই পছন্দের শীর্ষে থাকে সিলেটের জাফলং, সাদাপাথর, বিছনাকান্দি, রাতারগুল এবং মাধবকুন্ড। পাহাড়, সবুজ প্রকৃতি ও স্বচ্ছ পানির মেলবন্ধন এই অঞ্চলকে পর্যটকদের কাছে করেছে অনন্য আকর্ষণীয়।

সংশ্লিষ্টরা বলছেন, এই ঈদে সিলেটের বিভিন্ন পর্যটন স্পটে ৮ থেকে ১০ লাখ পর্যটকের সমাগম ঘটতে পারে। তবে এবারো সিলেটের জাফলং এবং সাদাপাথরে সবচেয়ে বেশি পর্যটকের সমাগম ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, পর্যটকদের নিরাপত্তা দিতে ট্যুরিস্ট পুলিশ প্রস্তুত বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ সিলেট অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার চৌধুরী। গতকাল তিনি জানান, ঈদে সিলেটের সবগুলো স্পটে  পর্যটক আসছেন। তাদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ টহল জোরদার, সাদা পোশাকে নজরদারি রয়েছে। বিভিন্ন পয়েন্টে অভিযোগ বক্স স্থাপনসহ নানা উদ্যোগ নেয়া হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে কঠোর নজরদারি থাকবে। পর্যটকরা নিরাপদে সিলেট ভ্রমণ করতে পারবেন।

সিলেট হোটেল অ্যান্ড গেস্ট হাউস ওনার্স গ্রুপের সাবেক সভাপতি সুমাত নূরী চৌধুরী জুয়েল বলেন, ঈদকে ঘিরে সিলেটে পর্যটকদের ব্যাপক সমাগম ঘটেছে।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, ঈদের ছুটিতে ভ্রমণে আসা পর্যটকের কাছ থেকে অতিরিক্ত হোটেল ভাড়া আদায় এবং রেস্তোরাঁগুলোতে খাবারের দাম যেন বাড়ানো না হয়, সেসব তদারকির জন্য একাধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে নামানো হবে। পর্যটক হয়রানি এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!