ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৭, ২০ মার্চ ২০২৬
চট্টগ্রামে জমিয়তুল ফালাহ ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম নগরের দামপাড়ার জমিয়তুল ফালাহ ঈদগাহ মাঠে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) তত্ত্বাবধানে প্রথম ও প্রধান জামাত হবে সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত হবে পৌনে ৯টায়।

প্রধান জামাতে ইমামতি করবেন জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক আল কাদেরী।

চসিক সূত্র জানায়, প্রধান ঈদ জামাত প্রাঙ্গণে সব ধরনের প্রস্তুতির কাজ সম্পন্ন করেছে সিটি কর্পোরেশন। প্রতিবছরের মতো এবারো ২০ থেকে ২৫ হাজার মুসল্লি প্রধান ঈদ জামাতে অংশ নেবেন। মুসল্লিদের কথা বিবেচনা করে দুটি ঈদ জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। প্রধান ঈদ জামাতের জন্য প্রায় ৬৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে এবং নিচে কার্পেটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

Advertisement

এবার বৃষ্টির শঙ্কার কথা মাথায় রেখে ওপরে ত্রিপল দেওয়া হয়েছে, যাতে আবহাওয়া প্রতিকূল হলেও ঈদ জামাতে কোনো বিঘ্ন না ঘটে। এ ছাড়া প্রায় ২৫০টি পাখা, পর্যাপ্ত আলোকসজ্জা, ৫০টি মাইক রাখা হয়েছে।

সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য তিনটি ফটক রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বিশেষ পদক্ষেপ নিয়েছে।

চসিক মেয়র শাহাদাত হোসেন জানান, ঈদুল ফিতরের চট্টগ্রামের প্রধান জামাত আয়োজনে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ঈদগাহ ময়দান সম্পূর্ণ প্রস্তুত। ঈদুল ফিতরকে সামনে রেখে সিটি কর্পোরেশনের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন।

চসিকের তত্ত্বাবধানে আরো যেসব মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে, সেগুলো হলো- লালদীঘি সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদ, হজরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরু বাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন)। এসব মসজিদেও সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া নগরের ওয়ার্ডগুলোতেও ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে আরেকটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!