বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উত্তরাঞ্চলগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর আড়াআড়িভাবে উল্টে পড়ে। এতে গাড়িটির সামনের অংশ সড়কের বিভাজকের ওপর উঠে যায় এবং সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় তেলের ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়ে সেখান থেকে ডিজেল সড়কে পড়তে থাকে।
দুর্ঘটনার পর স্থানীয় অনেককে বালতি, পলিথিন ও বিভিন্ন পাত্র নিয়ে সড়কে ঝরতে থাকা ডিজেল সংগ্রহ করতে দেখা যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটির চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে সরে যান।
.png)
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর স্থানীয় এক বাসচালক লৌহদণ্ড দিয়ে তেলের ট্যাংকের মুচড়ে যাওয়া অংশ সোজা করার চেষ্টা করেন এবং সাবান ব্যবহার করে তেল পড়া বন্ধ করার চেষ্টা করেন। এতে কিছুটা নিয়ন্ত্রণে আসে ডিজেল পড়া।
এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে সার্ভিস লেন দিয়ে যান চলাচল শুরু হলেও শুভুল্যা থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
গোড়াই হাইওয়ে থানার ওসি মাসুদ খান বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি উদ্ধার করে সড়ক থেকে সরিয়ে নেয়ার কাজ চলছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।