ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লোহাগড়ায় জমে উঠেছে শীতের পিঠা বিক্রি

এস. এম জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল)
প্রকাশিত: ১৯:৩০, ১৪ ডিসেম্বর ২০২৪
লোহাগড়ায় জমে উঠেছে শীতের পিঠা বিক্রি
নড়াইলের লোহাগড়া উপজেলায় জমে উঠেছে শীতের পিঠা বিক্রি। ছবি: ডেইলি বাংলাদেশ

শীত আসার সঙ্গে সঙ্গে নড়াইলের লোহাগড়া উপজেলায় জমে উঠেছে শীতের পিঠা বিক্রি। উপজেলা জুড়ে ফুটপাতের দোকান, রাস্তার পাশে, অলি-গলিতে ও মোড়ে মোড়ে এখন শোভা পাচ্ছে পিঠার দোকান। শীতের এ মৌসুমে মুখে জল আনা পিঠা-পুলির দোকানে ভিড় করছে শিশু-কিশোর, যুবক, বৃদ্ধসহ সব বয়সী মানুষ। তারা পিঠা খেতে খেতে মজার গল্পে মেতে ওঠেন। বিক্রি বাড়ায় বেজায় খুশি বিক্রেতারা।

সরেজমিন দেখা যায়, দিনে তেমন একটা দেখা না গেলেও সন্ধ্যা থেকেই জমে ওঠে ভ্রাম্যমাণ এসব পিঠার দোকান। এসব দোকানে ভাপা পিঠা, চিতই পিঠা, ডিম চিতই পিঠা ও পাটিসাপটা পিঠা বানানো হচ্ছে। এগুলোর মধ্যে ভাপা পিঠা ও চিতই পিঠা বেশি জনপ্রিয়।

উপজেলার পিঠার দোকানগুলোতে প্রতিটি চিতই পিঠা ৫ টাকা ও ভাপা পিঠা ১০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কোনো কোনো জায়গায় ১৫ টাকায় বিক্রি হয় স্পেশাল ভাপা পিঠা। আবার অনেক দোকানি চিতইপিঠার মধ্যে ডিম দিচ্ছেন। এই ডিম চিতই পিঠা প্রতিটি ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে।

Advertisement

ভাপা পিঠা বানালেও চিতই পিঠার সঙ্গে এসব দোকানিরা দিচ্ছেন সরিষার ভর্তা, শুঁটকি ভর্তা, মরিচের ভর্তা ও ধনেপাতা ভর্তা। এসব দোকানে পিঠা খেতে আসা মানুষেরা বলেন, শীতের আমেজে পিঠা খেতে ভালো লাগে।

বিক্রেতারা বলেন, শীতের মৌসুম এলেই তারা কেবল এই ব্যবসায় জড়ান। বছরের অন্যান্য সময় তারা ভিন্ন ভিন্ন পেশায় শ্রম দেন। তারা বলেন, এ বছর শীতের আগমনে পিঠা বিক্রি শুরু হয়েছে এক-দেড় মাস ধরেই।

উপজেলার লোহাগড়া পোদ্দার পাড়া, লক্ষীপাশা পোস্ট অফিসের সামনে মশলার দোকানের পাশে, লক্ষীপাশা চৌরাস্তায়, আলা মুন্সীর মোড়, লোহাগড়া জামরুলতা সুইচ গেটের পাশে, ফয়েজ মোড়, কুন্দশী চৌরাস্তা, মানিকগঞ্জ বাজার, শিয়রবর, লাহুড়িয়া, দিঘলিয়া, এড়েন্দা বাজারে এসব শীতের পিঠার দোকান জমে উঠেছে। 

সারাবছর কম বেশি পিঠা বিক্রি হলেও শীত এলে বেড়ে যায় ক্রেতাদের আনাগোনা। পিঠাপ্রেমিকদের পদচারণে মুখর হয়ে ওঠে এসব দোকান। পুরুষের পাশাপাশি অনেক নারীরাও দোকানে পিঠা বিক্রি করছেন।

বিবেক ও সুমি আক্তার নামের দুজন ক্রেতা বলেন, আমরা প্রায়ই এখানে পিঠা খাই। চাল ভেঙে গুঁড়া করে পিঠা বানানোর সময় সুযোগ হয় না। ঝামেলা ছাড়া স্বল্প দামে হাতের নাগালে এখন পিঠা পাই। তাই এসব পিঠাই আমাদের ভরসা।

লক্ষীপাশা পোস্ট অফিসের সামনে পিঠা বিক্রেতা মোসা. রেবা বেগম বলেন, আমার বাড়ি লোহাগড়া পোদ্দার পাড়া। আমার এক ছেলে ও এক মেয়ে। মেয়ে সপ্তম শ্রেণিতে এবং ছেলে দ্বিতীয় শ্রেণিতে লেখা পড়া করে। আমি প্রতিদিন এক হাজার টাকার পিঠা বিক্রি করে থাকি। যা দিয়ে ছেলে-মেয়ের লেখাপড়ার খরচসহ আমার সংসার চলছে। তবে শীত শেষ হলেই আমরা আবার অন্য পেশায় চলে যাই।

লোহাগড়া পৌরসভাধীন পোদ্দার পাড়ার বাসিন্দা সুজিত পোদ্দার বলেন, বাসায় পিঠা তৈরি করা অনেক কষ্টকর ও ঝামেলা মনে হয়। তাই আমি আমার পরিবারের সদস্যদের জন্য বাজার থেকে চিতই ও ভাপা পিঠা কিনে নিয়ে যাই। আমার পরিবারের সদস্যরা এই পিঠাগুলো খুব পছন্দ করেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!