রোববার (১ ডিসেম্বর) রাতে এসআই আল আমিন বাদী হয়ে কোটালীপাড়া থানায় ৫৫ জনের নাম উল্লেখ করে ও ৪শ’ জনকে অজ্ঞাত দেখিয়ে এ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর বিকেলে কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাটে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীদের হামলায় কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদসহ ৩ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনার ৬ দিন পর কোটালীপাড়া থানা পুলিশ সাড়ে ৪শ’ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
.png)
ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর তার মুক্তির দাবিতে ২৬ নভেম্বর বিকেলে উপজেলার ভাঙ্গারহাট এলাকায় সনাতনী সম্প্রদায়ের কয়েকশ বিক্ষুব্ধ লোক জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় আমরা সড়ক থেকে বিক্ষোভকারীদের সরে যেতে বললে তারা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় ৫৫ জনের নাম উল্লেখ করে ও ৪শ’ জনকে অজ্ঞাত দেখিয়ে মামলা দায়ের করা হয়েছে।