ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্রম সচিবের আশ্বাসে মহাসড়ক চালু, এক ঘণ্টা পর আবার অবরোধ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪২, ১১ নভেম্বর ২০২৪
শ্রম সচিবের আশ্বাসে মহাসড়ক চালু, এক ঘণ্টা পর আবার অবরোধ
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুর বকেয়া বেতনের দাবিতে টানা ৫০ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের পর শ্রম সচিবের আশ্বাসে সাময়িকভাবে স্বাভাবিক হয়েছিল যানবাহন চলাচল। তবে, এক ঘণ্টা না যেতেই পুনরায় মহাসড়ক অবরোধে নামেন গাজীপুরের কলম্বিয়া টিএনজেড কারখানার শ্রমিকরা।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগে শ্রমিকদের শান্ত করার জন্য মহাসড়কটি কিছু সময়ের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু শ্রম সচিবের আশ্বাসে অস্থায়ীভাবে স্থগিত হওয়া অবরোধ কিছুক্ষণের মধ্যেই আবারো শুরু হয়, ফলে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে যায়। এতে যাত্রী ও সাধারণ মানুষের দুর্ভোগ আরো বেড়ে যায় এবং আশপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়।

আন্দোলনরত শ্রমিক সাদেক, জাহিন ও মেহেদী হাসান বলেন, আমরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নেমেছি। প্রতিশ্রুতি শুনতে শুনতে আমরা ক্লান্ত। আমাদের বকেয়া পাওনাদি হাতে পাওয়ার আগ পর্যন্ত আমরা মহাসড়ক ছাড়বো না।

Advertisement

তারা আরো বলেন, শ্রম সচিবালয়ে গিয়ে দেখা করতে বলা হলেও, আমরা চাই স্থানীয়ভাবে আমাদের দাবির সমাধান হোক।

উল্লেখ্য, এই বকেয়া বেতনের সমস্যাটি বহুদিন ধরে চলছে এবং শ্রমিকরা একাধিকবার আশ্বাস পেলেও সমাধান না পাওয়ায় ক্ষোভের সঞ্চার হয়। এখন আন্দোলনের কারণে সংশ্লিষ্ট এলাকার যাত্রী এবং স্থানীয় মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!