ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে যৌথবাহিনীর ওপর হামলা, আটক ৫০

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৯, ৬ নভেম্বর ২০২৪
চট্টগ্রামে যৌথবাহিনীর ওপর হামলা, আটক ৫০
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামে যৌথবাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনায় ৫০ জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের এডিসি (জনসংযোগ) কাজী মোহাম্মদ তারেক আজিজ।

তিনি বলেন, যৌথবাহিনীর ওপর হামলার ঘটনায় অভিযান চালিয়ে ৫০ জনকে আটক করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন তারা। তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে, মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে নগরের কোতোয়ালি থানার হাজারী গলি এলাকায় হামলার ঘটনাটি ঘটে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর ১২ সদস্য আহত হন।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এক ফেসবুক ব্যবহারকারী তার প্রোফাইলে একটি ফটোকার্ড শেয়ার করেন। যেখানে হিন্দু ধর্মাবলম্বীদের সংগঠন ইসকন নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য ছিল। ফটোকার্ড সম্বলিত সেই পোস্ট কয়েকদিন ধরে ফেসবুকে ঘুরছিল। ঘটনার একদিন আগে পোস্টটি নিজের প্রোফাইলে শেয়ার করেন হাজারী গলির মিয়া শপিং সেন্টারের ব্যবসায়ী ওসমান। সেই পোস্টে ক্ষুব্ধ হয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের একাংশ মঙ্গলবার সন্ধ্যায় ওসমানের দোকান ভাঙচুর করেন এবং তার ওপর হামলার চেষ্টা চালান। তাকে অবরুদ্ধ করে রাখেন।

খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা ওসমানকে উদ্ধারে ঘটনাস্থলে গেলে তাদের ওপরও চড়াও হন হামলাকারীরা। এ সময় যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ‘এসিড’ ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে যৌথবাহিনীর ১২ সদস্য আহত হন। যৌথবাহিনীর টাস্কফোর্স-৪ চট্টগ্রাম বিষয়টি নিশ্চিত করে।

নগর পুলিশের ডিসি (অপরাধ) রইছ উদ্দিন বলেন, ফেসবুকে ইসকন সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। যিনি শেয়ার করেন, কিছু লোকজন তার ওপর ক্ষুব্ধ ছিল। তাকে আক্রমণ করার চেষ্টা করা হলে পুলিশ গিয়ে আক্রমণকারীদের নিবৃত্ত করার চেষ্টা করে। একপর্যায়ে আক্রমণকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে একজন এসিড আক্রান্ত আছেন। বাকি পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তিনি আরো বলেন, এ ঘটনায় অভিযান চালিয়ে ৫০ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

যৌথবাহিনীর টাস্কফোর্স-৪ চট্টগ্রাম থেকে জানানো হয়েছে, অভিযানের একপর্যায়ে বিভিন্ন ভবনের ছাদ থেকে যৌথ বাহিনীকে লক্ষ্য করে এসিড ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে যৌথবাহিনীর ১২ সদস্য আহত হন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!