দাবি আদায় না হওয়া পর্যন্ত কনটেইনার হ্যান্ডলিং বন্ধ রাখা রাখার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। তাদের দাবির মধ্যে রয়েছে- প্রাইমমুভার ট্রেইলার চালক ও সহকারীদের নিয়োগপত্র দেওয়া, ছবিসহ পরিচয়পত্র ও সরকারঘোষিত নিম্নতম মজুরি প্রদান, শ্রমঘণ্টা বাস্তবায়ন।
চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ট্রেইলার, কনক্রিট মিক্সচার, ফ্ল্যাটবেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ বলেন, আমাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছিলেন মালিকরা, কিন্তু এখনো মেনে নেননি। এ কারণে আমরা পুনরায় ধর্মঘটে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কাজে ফিরব না।
.png)
ইউনিয়নের সভাপতি সেলিম খান বলেন, গত ২২ অক্টোবর বন্দর কর্তৃপক্ষের সঙ্গে মালিকদের বৈঠকে ২৪ অক্টোবরের মধ্যে আমাদের দাবি মেনে নেয়া হবে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিলেন। তাই আমরা সে সময় ধর্মঘট স্থগিত করেছিলাম। কিন্তু দাবি না মানায় আজ থেকে আবারো কর্মসূচি ঘোষণা করেছি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, প্রাইমমুভার পরিবহন শ্রমিকরা আজ থেকে আবারো ধর্মঘট শুরু করেছেন। ফলে প্রাইমমুভারদের অংশে কাজে কিছুটা স্লো হচ্ছে। তাদের যেসব দাবি ছিল তা মালিকপক্ষের পূরণ করার কথা ছিল, কিন্তু তাদের মধ্যে এখনো বনিবনা হয়নি। তাই মালিকরাও নিয়োগপত্র দেননি, শ্রমিকরাও নিয়োগপত্র নেননি। আশাকরি দ্রুত শ্রমিকরা কাজে যোগ দেবেন।