ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়কে ভেঙে হেলে পড়েছে গাছ, দুর্ঘটনার শঙ্কা 

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৩, ২২ অক্টোবর ২০২৪
সড়কে ভেঙে হেলে পড়েছে গাছ, দুর্ঘটনার শঙ্কা 
সড়কে ভেঙে হেলে পড়েছে গাছ। ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঠখোলা-থানাঘাট সড়কের হাজী জাফর আলী কলেজ সংলগ্ন এমএ বারী স্বাস্থ্য কেন্দ্রের সামনে একটি রেইনট্রি গাছ মাঝখানে ভেঙে সড়কের ওপর হেলে পড়েছে। বেশ কিছু দিন ধরে গাছটি এভাবে বিপজ্জনক অবস্থায় হেলে পড়ে থাকলেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ। এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটনার আশঙ্কা করছেন পথচারীসহ স্থানীয়রা। 

সরেজমিন দেখা যায়, মঠখোলা-থানাঘাট সড়ক দিয়ে কিশোরগঞ্জ সদর, নান্দাইল, হোসেনপুর ও পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলাসহ বিভিন্ন এলাকার শত শত বাস, ট্রাক, পিকআপসহ ছোটবড় অনেক যান চলাচল করছে। এ সড়কের এমএ বারী স্বাস্থ্য কেন্দ্রের সামনে একটি বিশালাকার রেইনট্রি গাছ মাঝখানে ভেঙে সড়কের ওপর হেলে পড়েছে। দিনের বেলায় পণ্যবাহী বড় গাড়িগুলো সতর্কভাবে চললেও রাতে আটকে যাচ্ছে কিংবা গাছ ঘেঁষে যাচ্ছে। এতে অনেকটা ঝুঁকি নিয়েই যান চলাচল করতে হচ্ছে চালকদের। 

মোস্তফা কামাল নামে একজন পথচারী জানান, তিনি প্রায়ই এ সড়ক দিয়ে যাতায়াত করে থাকেন। দীর্ঘদিন ধরে গাছটি এভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় হেলে পড়ে থাকলেও কর্তৃপক্ষের নজরে আসছে না। 

Advertisement

স্থানীয় বাসিন্দা ফজলুল হক বলেন, গাছটি মাঝখানে ভেঙে রোডের ওপরে ঝুঁকিপূর্ণ অবস্থায় হেলে রয়েছে। রাতে প্রায় সময়ই বড় গাড়ি ওই গাছে আটকে যাচ্ছে। গাছটি পুরোদমে ভেঙে পড়ে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। 

নূর উদ্দিন নামে স্থানীয় অপর এক ব্যক্তি বলেন, সরকারি গাছ। কেউ কাটলে উল্টো মামলা খেতে হবে। এই ভয়ে গাছটি কেটে সরাতে কেউ সাহস পাচ্ছে না। 
এগারসিন্দুর ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান বাবু বলেন, গাছটি বন বিভাগের। তাই কাটা সম্ভব হচ্ছে না। বন বিভাগকে ঝুঁকিপূর্ণ গাছটির ব্যাপারে জানানো হবে। 

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, বন বিভাগের সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!