সোমবার (১৪ অক্টোবর) বিকেলে চকরিয়া উপজেলার খুটাখালীর তমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গোলতাজ বেগম (৬৫) চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব নয়াপাড়া-তমতলা এলাকার মৃত আবুল কাশেমের স্ত্রী।
.png)
অভিযুক্ত আব্দুল্লাহ ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমাতলী বার আউলিয়ারপাড়া এলাকার মৃত জাকরিয়ার ছেলে। আব্দুল্লাহ নিহত গোলতাজ বেগমের নাতনি জামাই।
স্থানীয় ইউপি সদস্য জিশান শাহরিয়ার বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে গোলতাজ বেগমের সঙ্গে আব্দুল্লাহর কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে লোহার রড দিয়ে নানিশাশুড়ি গোলতাজের মাথায় উপর্যপুরি আঘাত করেন তিনি। পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে মারা যান তিনি।
তিনি আরো বলেন, স্থানীয়দের সহযোগিতায় আমরা আব্দুল্লাহকে ধরে ইউনিয়ন পরিষদের এনে চেয়ারম্যানের উপস্থিতিতে চকরিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করেছি।
চকরিয়া থানার এসআই মিজানুর রহমান বলেন, ওই নারীর মাথায় আঘাত করে খুন করার দায়ে স্থানীয় ইউপি সদস্য জিশান শাহরিয়ার এলাকাবাসীর সহযোগিতায় ধরে আব্দুল্লাহকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাকে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত পরিবারকে মামলা করার জন্য বলেছি।