শেরপুর জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন আহমেদ ও যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির) বলেন, গত দুদিনে বন্যায় এ পর্যন্ত প্রাণহানি হয়েছে চারজনের। এখন পর্যন্ত সরকারি বেসরকারি পর্যায়ে মানুষকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে লক্ষণীয় কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। আমরা উন্নয়নে উপেক্ষিত আবার বন্যা দুর্গতদের সহযোগিতা প্রদানেও বৈষম্যের শিকার হচ্ছি।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, শেরপুর জেলার শ্রীবরদী, ঝিনাইগাতী, নালিতাবাড়ী উপজেলার প্রায় দেড় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। প্রায় তিন লাখ নাগরিক চরম অমানবিকতার মধ্যে দিন যাপন করছেন। মানবেতর জীবন যাপন করছেন বন্যায় প্লাবিত অসহায় মানুষ। ফসল আবাদের এবং গবাদি পশু বিলীন হয়ে গেছে বন্যায়। পর্যাপ্ত নৌকা এবং খাদ্য সামগ্রী না থাকায় আটকে পড়ে আছে হাজারো মানুষ।
.png)
এ অবস্থায় সরকারি সহায়তা সামান্য কিছু থাকলেও বেসরকারি পর্যায়ে কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। এমতাবস্থায় দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য তারা বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।
সামাজিক এই সংগঠনের নেতারা সরকারের ত্রাণ কার্যক্রমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে সহযোগিতার পাশাপাশি সেনা, নৌ এবং বিভিন্ন বাহিনীকে যুক্ত করার অনুরোধ করেন।