পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, কয়েকদিন ধরেই মৃদু তাপপ্রবাহ যাচ্ছিল। গত সোমবার সন্ধ্যার পর থেকে এ অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার সকালে ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার রেকর্ড হয়েছিল ৪৪ মিলিমিটার। এ বৃষ্টিপাতে তাপমাত্রা যেমন কমেছে তেমনি এ বৃষ্টিপাতের মধ্য দিয়েই শীতের আমেজ শুরু হতে পারে।
আবহাওয়াবিদদের মতে, আশ্বিন মাসে মৌসুমী বায়ু কম সক্রিয় থাকায় এবং উত্তরীয় বায়ুর কিছুটা প্রভাব থাকায় শেষ রাতে ঠান্ডা অনুভূত হয়। বিশেষ করে মৌসুমী বায়ু যখন বাংলাদেশের ওপর আর সক্রিয় থাকবে না, তখন হালকা ধরনের শীত পড়বে।
.png)
এদিকে গত দুই দিনে বৃষ্টি হওয়ায় নিম্নমুখী তাপমাত্রা। বৃহস্পতিবার সকালে এ জেলার সর্বনিম্ন ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। উত্তরের জেলাটি বরফের পাহাড় হিমালয়-কাঞ্চনজঙ্ঘার সন্নিকটে থাকায় এ অঞ্চলে শীতের আগমন ঘটে অন্যান্য জেলার আগেই। এরমধ্যে দুই তিনদিন এ জেলায় সকালে ঘন কুয়াশা দেখা দিয়েছে।