বুধবার (২৮ আগস্ট) রাত ৯টায় নবীগঞ্জের পশ্চিম তিমিরপুরে এ ঘটনা ঘটে। নিহত শিপন মিয়া ওই গ্রামে হুঁশিয়ার আলীর ছেলে। এ ঘটনায় রুবেল মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রুবেল একই গ্রামের বাবুল মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী।
.png)
তিনি বলেন, শিপন মিয়া কয়েকদিন আগে রুবেলদের বাড়ির সামনে বাঁশি বাজাচ্ছিলেন। এতে রুবেল বাধা দিলে দুজনের ঝগড়া হয়। এরই জেরে মঙ্গলবার সন্ধ্যায়ও দুজনের মারামারি হয়। একপর্যায়ে বুধবার রাত ৯টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে রুবেল ও তার লোকজন শিপনকে পিটিয়ে আহত করে। পরে শিপনকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ওসি আরও বলেন, শিপনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।