ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরবে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ২০

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৪, ২৯ জুলাই ২০২৪
ভৈরবে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ২০
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র দুই পাড়ার মানুষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে প্রায় ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আটজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

রোববার বিকেলে উপজেলার শ্রীনগর ইউনিয়নের তেয়ারীরচরের পূর্বপাড়া ও পশ্চিম পাড়ার লোকদের মধ্যে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে ভৈরব থানা-পুলিশ ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয় বাসিন্দারা জানান, শ্রীনগর ইউনিয়নের তেয়ারীরচরের পশ্চিম পাড়া এলাকায় একটি ঈদগাহ মাঠ রয়েছে। এই মাঠে ঈদের নামাজ পড়ানো হয়। এছাড়া এ মাঠে পূর্ব ও পশ্চিম দুই পাড়ার ছেলেরা খেলাধুলা করে। কিন্তু তিনদিন আগে হঠাৎ মাঠে ফুটবল খেলা নিয়ে পূর্বপাড়া ও পশ্চিম পাড়া ছেলেদের মধ্যে ঝগড়া হয়। এর জেরেই পূর্বপাড়ায় রোববার বিকেলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

Advertisement

ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল জানান, সংঘর্ষে আহত আটজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ভৈরব থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, ফুটবল খেলার মাঠ নিয়ে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে অভিযোগ পাওয়া সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!