মঙ্গলবার (৯ জুলাই) গভীর রাতে শহরের মুজিব সড়কে মডেল মসজিদের পাশের এক গলি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আকিকুল ইসলাম যশোরের ঝিকরগাছা উপজেলার পায়রা গ্রামের মতিয়ার রহমানের ছেলে। তার দুই মেয়ে এবং একটি ছেলে সন্তান রয়েছে।
নিহতের ভাই তরিকুল ইসলাম জানান, আকিকুলের ঝিকরগাছা বাসস্ট্যান্ডে একটি ফলের দোকান আছে। মঙ্গলবার রাত ৯টার পরে তিনি ঝিকরগাছা এলাকায় ছিলেন। গভীর রাতে খবর পান তার ভাইকে কেউ শ্বাসরোধে করে হত্যা করেছে। পরে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
.png)
তিনি আরো বলেন, পুলিশের কাছে জানতে পেরেছি, এক নারী মোবাইলে কল করে তাকে ডেকে নেন। এরপর বালির মধ্যে মুখ চেপে আমার ভাইকে হত্যা করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, রাতেই মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে, কারা তাকে হত্যা করেছে—তা জানা যায়নি। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে মাঠে কাজ করছে পুলিশের একাধিক টিম।