এদিকে, বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে চমেকের ক্লাস-পরীক্ষাসহ নানা কার্যক্রম। ভেনম রিসার্চ সেন্টারে থাকা প্রায় সাড়ে ৩০০ সাপ মারা যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
পিডিবি চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, কলেজ কর্তৃপক্ষের বেশকিছু বিল বকেয়া থাকায় তাদের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এর আগে বিল পরিশোধের জন্য কয়েকবার চিঠিও দেওয়া হলেও সাড়া পাওয়া যায়নি।
.png)
জানা গেছে, প্রায় এক কোটি ৩০ লাখ টাকা বিল বকেয়া রয়েছে চমেকের। এটি ছয় মাসের বিদ্যুৎ বিল বলে পিডিবি সূত্র জানিয়েছে।
জানতে চাইলে চমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার বলেন, বরাদ্দ না পেলে আমরা কীভাবে বিল পরিশোধ করব? বরাদ্দের জন্য বারবার মন্ত্রণালয় ও অধিদফতরে লিখেছি। টাকা পেলেই বকেয়া বিল পরিশোধ করা হবে।
তিনি বলেন, বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি সমস্যা ভেনম রিসার্চ সেন্টারের। ওখানকার সাপ ও সাপের বিষ নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়। এছাড়া কলেজের অন্যান্য কার্যক্রমও বন্ধ রয়েছে।
ভেনম রিসার্চ সেন্টারের গবেষণা সহযোগী মিজানুর রহমান বলেন, আমরা জেনারেটরের ব্যবস্থা করার চেষ্টা করছি। তাপমাত্রার হেরফের হলে সাপ মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। ফ্রিজে থাকা সাপের বিষও নষ্ট হয়ে যেতে পারে।