ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

অবৈধভাবে বালু তোলায় তিনজনকে দণ্ড, ৭ ড্রেজার ধ্বংস

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৮, ৮ জুন ২০২৪
অবৈধভাবে বালু তোলায় তিনজনকে দণ্ড, ৭ ড্রেজার ধ্বংস
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী ভোগাই নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু তোলার অভিযোগে তিনজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে শ্যালু ইঞ্জিন চালিত ৭টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। 

শনিবার বিকেলে উপজেলার নয়াবিল ইউপির ভোগাই নদীর নাকুগাঁও স্থলবন্দর ও হাতিপাগার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউপির হাতিপাগার গ্রামের জামাল উদ্দিনের ছেলে আব্দুল মালেক, একই এলাকার আমীর আলীর ছেলে আব্দুল জলিল ও আকবর আলীর ছেলে আকরাম হোসেন। 

উপজেলা প্রশাসন সূত্র জানায়, নালিতাবাড়ী উপজেলায় ভোগাই নদীর নয়াবিল নাকুগাঁও এলাকায় নদীর তীর ভেঙে অবৈধভাবে বালু তুলে আসছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ীরা। এমন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে ঐ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।  

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, ভোগাই নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত তিনজনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বালু উত্তোলনে ব্যবহৃত ৭টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। 

তিনি আরো বলেন, ভোগাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ঘটনাস্থলে যাকেই পাওয়া যাবে তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে/এমআরকে
ট্যাগ: শেরপুর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!