বিরিয়ানির প্যাকেটের জন্য প্রাণ গেল যুবকের
কক্সবাজারের কুতুবদিয়া আলি আকবর ডেইলের ঘাটকুলপাড়া এলাকায় বিরিয়ানির প্যাকেট বিতরণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ফরহাদুল ইসলাম আরজু (২০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ২টার দিকে কুতুবদিয়া আলি আকবর ডেইল ইউনিয়নের ঘাটকুলপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আরজু ঐ এলাকার মোহাম্মদ আরাফাতের ছেলে।
আহতরা হলেন- আলি আকবর ডেইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড়ের মৃত নজরুল ইসলামের ছেলে শেফায়েত (৪০), গোলাম কুদ্দুসের ছেলে তাহশিপ (১৮), আনিচুর রহমানের ছেলে নিশাত (১৭), মোস্তাক আহমেদের ছেলে ফোরকাল আলি (১৮), টিপুর ছেলে রিয়াদ (১৯)।
জানা গেছে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে শিশুশ্রম রোধে কমিউনিটি পর্যায়ে একটি আলোচনা সভায় বিরিয়ানির প্যাকেট বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের ছুরি মারামারিতে ফরহাদের শরীরে ছুরি লাগে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরো তিনজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কুতুবদিয়া থানার ওসি গোলাম কবির বলেন, দুই পক্ষের ছুরি মারামারিতে ঘটনাস্থলে একজন নিহত হন। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।