নববধূ ডলি আক্তারের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়ায়। স্বামী নাছির উদ্দীন পলাশের বাড়ি নোয়াখালীর চাটখিলে। পলাশ পাইপ ফিল্টারের ঠিকাদার। ঢাকা থেকে চট্টগ্রাম শ্বশুরবাড়িতে যাওয়ার সময় বাস দুর্ঘটনায় নিহত হন কুমিল্লার চৌদ্দগ্রামে। স্বামীর মৃত্যুর খবর শুনে ভাইকে নিয়ে ছুটে আসেন নববধূ ডলি। তার স্বামীর মরদেহ নিতে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মিয়া বাজার থানায় এসে হাউমাউ করে চিৎকার করে কান্নায় ভেঙে পড়েন তিনি।
এর আগে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে ৫ যাত্রী নিহত ও ১৫ যাত্রী আহত হন। শুক্রবার ভোর ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বসন্তপুর এলাকায় রিলাক্স পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটে। এতে নিহত ৫ জনের মধ্যে একজন হলেন নাছির উদ্দীন পলাশ।
.png)
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি) মো খায়রুল আলম বলেন, চালকের অসতর্কতার কারণে বা দীর্ঘ সময় গাড়ি চালানো অথবা বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে কিনা তা তদন্ত করে জানা যাবে। নববধূর স্বামীসহ ৫টি পরিবারের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমরা গাড়িটি উদ্ধার করে আহতদের চিকিৎসার ব্যবস্থা ও নিহতদের আত্মীয়-স্বজনদের কাছে লাশ হস্তান্তর করবো।