ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যে কৌশলে ব্যাংক থেকে মসজিদ নির্মাণের টাকা নিয়ে যায় তারা

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩২, ১৪ মে ২০২৪
যে কৌশলে ব্যাংক থেকে মসজিদ নির্মাণের টাকা নিয়ে যায় তারা
ছবি: ডেইলি বাংলাদেশ

মাগুরার মহম্মদপুর উপজেলার মান্দার বাড়িয়া গ্রামের আশরাফিয়া জামে মসজিদের নির্মাণ কাজের ৭ লক্ষাধিক টাকা জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে তুলে নিয়েছে একটি চক্র। এ ঘটনায় মহম্মদপুর থানায় সম্প্রতি চারজনকে আসামি করে মামলা করা হয়েছে। যাদের মধ্যে দুজন গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যজন জামিনে মুক্ত হয়েছেন।

মামলার বাদী মসজিদ কমিটির সদস্য শরীফ ফরিদ লিতিখ অভিযোগে উল্লেখ করেন- মহম্মদপুর উপজেলার মান্দার বাড়িয়া গ্রামের পশ্চিমপাড়ায় ২০১৬ সালে আশরাফিয়া জামে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। এরপর থেকেই একই এলাকার শরীফ আলিমুজ্জামানসহ অন্যরা বিভিন্নভাবে মসজিদের নির্মাণ কাজে বাধা দিয়ে আসছিলেন।

একপর্যায়ে মসজিদ নির্মাণ কাজের জন্য শিল্পপ্রতিষ্ঠান আকিজ কোম্পানি ৩০ লাখ টাকা অনুদান প্রদান করে। এর মধ্যে ৭ লাখ ৫০ হাজার টাকা মসজিদের নামে খোলা হিসাব নম্বর ০১০০০৮১৫৭২১৩০ জনতা ব্যাংক মহম্মদপুর শাখায় রাখা হয়। এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে মসজিদ নির্মাণ বাবদ অনুদান আসে। ২০২২ সালের ২০ নভেম্বর শরীফ আলিমুজ্জামান গোলাম রব্বানী, মোতাহার মোল্যা, কাজল মোল্যাসহ আরো অনেকের সামনে উপস্থিত হয়ে বাদীর কাছে মসজিদের নামে আসা অনুদানের টাকার মধ্যে এক তৃতীয়াংশ টাকা চাঁদা দাবি করে। তারা প্রকাশ্যে হুমকি দিয়ে বলে, টাকা না দিলে মসজিদ নির্মাণ কাজ বন্ধ করাসহ মসজিদক কমিটির সদস্যদের বিপদে ফেলা হবে।

Advertisement

গত ১৬ এপ্রিল বাদীসহ অন্য সদস্যরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে গিয়ে জানতে পারেন ঐ হিসাব নম্বরে কোনো টাকা নেই। খবর নিয়ে জানা যায়- আসামি শরীফ আলিমুজ্জামান (৪৫), কাজী সাইদুর রহমান (৬০), ইমাম শরীফ (৬২) ও জামাল মোল্যাসহ (৩৮) অজ্ঞাত আরো অনেকে মসজিদের নামে একটি গোপন কমিটি করেন। পরে ঐ কমিটির মাধ্যমে অসাধু উপায়ে তারা মসজিদের নামে থাকা জনতা ব্যাংক মহম্মদপুর শাখা থেকে নতুন একটি চেক বই সংগ্রহ করেন। 

২০২৩ সালে ২৪ জানুয়ারি থেকে ২০২৩ সালে ৩১ তারিখ আগস্ট পর্যন্ত বিভিন্ন তারিখ ও সময়ে অভিযুক্ত শরীফ আলিমুজ্জামান এবং কাজী সাইদুর রহমান নতুন চেক বই ব্যবহার করে সজিদের হিসাব নম্বর থেকে মোট ৭ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। 

এ বিষয়ে মহম্মদপুর থানার ওসি মোহাম্মদ বোরহান-উল ইসলাম বলেন, ব্যাংক থেকে মসজিদের নির্মাণ কাজের টাকা উত্তোলনের ঘটনায় ফরিদ শরীফ নামে একজন মামলা করেছেন। এরই মধ্যে শরীফ আলিমুজ্জামান ও ইমাম শরীফ নামে দুই আসামিকে গ্রেফতার করে আদালতে সপোর্দ করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!