পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শহরের মধ্য দিয়ে প্রবাহিত খাল খনন, দক্ষিণ পাশে ওয়াকওয়ে (হাঁটার রাস্তা), সৌন্দর্যবর্ধন এবং সুয়ারেজ ড্রেন নির্মাণের কাজ চলছে। সিটি রিজিয়ন ডেভেলপমেন্ট (সিআরডিপি) প্রকল্পের আওতায় প্রায় ২৮ কোটি টাকায় এ প্রকল্পের কাজ করছে অ্যাপেক্স এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পের কাজ শেষ হবার কথা চলতি বছরের জুনে।
সরেজমিনে দেখা গেছে, মানিকগঞ্জ জেলা শহরে পূর্ব-পশ্চিমে লম্বালম্বি তিনটি সড়ক রয়েছে। এরমধ্যে শহরের উত্তর পাশে গঙ্গাধরপট্টি সড়ক, মাঝে শহীদ রফিক সড়ক এবং দক্ষিণ পাশে গার্লস স্কুল সড়ক। এই তিন সড়কের পাশে জেলার প্রধান সরকারি-বেসরকারি অফিস-আদালত, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিপণিবিতান, দোকানপাট ও বাজার অবস্থিত। দুই লেনের সড়ক তিনটি অপ্রশস্ত হওয়ায় সকাল থেকে বিকেল পর্যন্ত যানজট লেগেই থাকে।
.png)

পৌরবাসী ও ব্যবসায়ীরা বলেছেন, গুরুত্বপূর্ণ এই সড়কে সকাল থেকে বিকেল পর্যন্ত যানজট লেগে থাকে। জেলা সদরসহ অন্যান্য উপজেলা থেকে মানুষরা ঈদের আগে কেনাকাটা করতে জেলা শহরে আসছেন। এতে যাত্রী, পথচারী ও যানবাহনের সংখ্যা আরো বেড়েছে। এ সময় ব্যস্ততম সড়কে খোঁড়াখুঁড়ির কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে শহরবাসীসহ পথচারী, দূর-দূরান্ত থেকে আসা যাত্রী, যানবাহনের শ্রমিক ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন। ঈদের আগে এভাবে সড়ক খোঁড়াখুঁড়ি করায় তাদের কেনাবেচা অর্ধেকে নেমে এসেছে।
গঙ্গাধরপট্টি এলাকার বাসিন্দা আল আমিন জানান, এমনিতেই ঈদের আগে শহরে মানুষের ভিড় বাড়ে কয়েকগুণ। জেলার বিভিন্ন জায়গায় থেকে লোকজন আসেন কেনাকাটা করতে। তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরে যানজট লেগেই থাকে। এই রাস্তাটা বন্ধ থাকায় আমাদের সবচেয়ে বেশি বিপাকে পড়তে হচ্ছে। কাজটা ঈদের পরে শুরু করলে এমন ভোগান্তিতে পড়তে হতো না।
গঙ্গাধরপট্টি এলাকার বার্গারগঞ্জ রেস্টুরেন্ট এর মালিক কাজী ইসতিয়াক চয়ন জানান, ঈদের আগে এই রাস্তার কাজ শুরু করায় প্রায় দুই সপ্তাহের বেশি সময় ধরে আমাদের রেস্টুরেন্টে বেচাকেনা নেই। পুরো সড়ক খোঁড়ার কারণে লোকজনর আসতে পারে না। এই সময়টা আমাদের অনেক বেচাকেনা হয় কিন্তু এই সমস্যার কারণে আমরা খুব সমস্যায় আছি।
একাধিক কাপড় ব্যবসায়ী জানান, এমনিতেই শহীদ রফিক সড়ক অপ্রশস্ত। যার কারণে সকালে থেকে সন্ধ্যা যানজট লেগেই থাকে। আর ঈদে মানুষ ও যানবাহনের চাপ বাড়ে কয়েকগুণ। কোন ঘোষণা ছাড়াই ঈদের আগে গঙ্গাধরপট্টি সড়কটি খোঁড়াখুঁড়ি করায় শহীদ রফিক সড়কে বাড়তি চাপ পড়েছে। যার কারণে দূর-দূরান্ত থেকে ক্রেতারা মোটরসাইকেল বা গাড়ি নিয়ে এসে পার্কিং করতে না পাড়ায় বেশির ভাগ সময় ক্রেতারা চলে যাচ্ছেন। যানবাহনের চাপের কারণে দোকানের সামনে মোটরসাইকেল রেখে কেনাকাটা করতে পারছেন না। এতে আমাদের বিক্রি কমে গেছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাপেক্স এন্টারপ্রাইজের প্রতিনিধি লাবলু মিয়া বলেন, সিআরডিপি প্রকল্পের আওতায় শহরের খাল খনন, ওয়াকওয়ে, সৌন্দর্যবর্ধন এবং সুয়ারেজ ড্রেন নির্মাণের কাজ করছি আমরা। ওয়াকওয়ের কাজ চলমান আছে। শহীদ রফিক সড়কের সুয়ারেজ ড্রেনের কাজ শেষে আমরা গঙ্গাধরপট্টি সড়কে দুই সপ্তাহ ধরে এর কাজ শুরু করেছি। এ প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদ থাকায় ঈদের আগে সড়কটি খুঁড়ে সুয়ারেজ ড্রেনের ব্যবস্থা করা হচ্ছে। শহরবাসীকে সাময়িক সমস্যায় পড়তে হচ্ছে সেটা সত্য। কাজটি দ্রুতই শেষ করা হবে।
মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ রমজার আলী জানান, সিটি রিজিয়ন ডেভেলপমেন্ট (সিআরডিপি) প্রকল্পের কাজ শেষ হবার কথা চলতি বছরের জুন মাসে। যার কারণেই ঠিকাদারি প্রতিষ্ঠান ঈদের আগেই গঙ্গাধরপট্টি সড়কে সুয়ারেজ ড্রেন নির্মাণের শুরু করেছে। ঈদের আগে এই কাজ শুরু করা হয়েছে, এজন্য শহরে চলাচলে সাময়িক সমস্যা হচ্ছে। তবে কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।