ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সকাল সাড়ে ৯টায় ১৫ মিনিট অন্ধকারে ঢাকা ছিল বাগেরহাট

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১২:০২, ৭ এপ্রিল ২০২৪
সকাল সাড়ে ৯টায় ১৫ মিনিট অন্ধকারে ঢাকা ছিল বাগেরহাট
ছবি: সংগৃহীত

সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্ধকার হতে শুরু করে। সাড়ে ৯টার দিকে রাতের মতো ১০ থেকে ১৫ মিনিট অন্ধকারে ঢাকা ছিল বাগেরহাট। হঠাৎ আবহাওয়ার প্রতিকূল অবস্থা শুরু হওয়ায় মানুষ দিশেহারা হয়ে দিকবিদিক ছোটাছুটি শুরু করে। এরপর শুরু হয় বৃষ্টি। যা চলে আরো ১৫ মিনিট। রোববার সকাল সাড়ে ৯টায় বাগেরহাটে নেমে এসেছে যেন রাত।

এলাকার প্রবীণ ব্যক্তিরা বলছেন, শত বছরের ভেতরে দিনের বেলায় এমন অন্ধকারাচ্ছন্ন কখনো দেখেননি তারা। মেঘে আচ্ছন্ন হয়ে বৃষ্টি হলেও দিনের বেলায় এমন অন্ধকার নামেনি কখনো। এভাবে অন্ধকার ছিল ১০ থেকে ১৫ মিনিট। পরে আকাশ পরিচ্ছন্ন হয়ে অবিরাম বৃষ্টি ঝরতে থাকে।

বাগেরহাট জেলা শহরসহ ৯ উপজেলার সবখানেই এমন দৃশ্য চোখে পড়ে। তবে কেউ কেউ বলছেন আমেরিকার বেশ কয়েকটি দেশে আগামীকাল ৮ এপ্রিল সূর্যগ্রহণের আভাস বাংলাদেশে পড়েছে।

Advertisement

এদিকে দেশের ৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রোববার দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতরের সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী দু’দিনে দেশের বেশকিছু অঞ্চলে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া আগামী ৫ দিনে তাপমাত্রা আরো বাড়তে পারে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!