ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্যাংক থেকে কত টাকা লুট করেছে ডাকাতরা, জানালেন ইউএনও

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৬, ৩ এপ্রিল ২০২৪
ব্যাংক থেকে কত টাকা লুট করেছে ডাকাতরা, জানালেন ইউএনও
সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংক, থানচি

বান্দরবানের রুমা উপজেলার সোনালী ব্যাংকে লুটের ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতে জেলার আরেক উপজেলা থানচির দুই ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৩ এপ্রিল) দুপুরে থানচি বাজার এলাকায় সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের শাখায় ডাকাতির ঘটনা ঘটে। 

এ সময় তারা গ্রাহকদের কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। তবে ব্যাংকের ভল্ট এখনো অক্ষত আছে বলে জানিয়েছেন থানচি উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন।

তিনি বলেন, দুই ব্যাংক থেকে মোট ১৭ লাখ ৪৫ হাজার টাকা লুট করা হয়েছে। ডাকাতরা ভল্ট খুলতে পারেনি। কাউন্টারে রাখা টাকা নিয়ে গেছে তারা।

Advertisement

এর আগে দুটি গাড়িতে করে মোট ৩০-৪০ জনের একটি সশস্ত্র দল থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতিতে অংশ নেয়। থানচি থানার ওসি জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে আছি।

সোনালী ব্যাংকের ক্যাশিয়ার ওমর ফারুক বলেন, ডাকতরা ব্যাংক থেকে টাকা লুট করে নিয়ে গেছে। আমাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। তবে অফিসিয়ালি ঠিক কত টাকা লুট হয়েছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

ডাকাতির শিকার হওয়া সোনালী ব্যাংকের গ্রাহক ভুক্তভোগী আরমান বলেন, আমি ভেতরে ছিলাম, ডাকাতরা মাথায় অস্ত্র ঠেকিয়ে মোবাইল ফোনসহ আমার সঙ্গে থাকা সব টাকা নিয়ে গেছে।

মঙ্গলবার (২ এপ্রিল) রুমায় সোনালী ব্যাংক থেকে অস্ত্র ও টাকা লুট করে একটি সশস্ত্র সন্ত্রাসী দল।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!