রোববার দুপুরে নরসিংদীর দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আ.ন.ম ইলিয়াস এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নরসিংদী শহরের বিলাশদী এলাকার আলাল মিয়া ওরফে বিল্লাল (৩৫), রায়পুরা উপজেলার নীলক্ষার বীরগাঁও এলাকার কাউছার মিয়া (২৮), বল্লবপুর গ্রামের রুবেল মিয়া (৩১) ও আব্দুর রহিমের স্ত্রী রুবিয়া বেগম (৪৫)।
.png)
এদের মধ্যে আসামি আলাল, কাউছার ও রুবেলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং রুবিয়া বেগমকে ৬ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বিজয় মিয়া নরসিংদী শহর থেকে বের হন। তিনি রিকশা নিয়ে রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়নের মাহমুদনগর এলাকায় পৌঁছালে নির্জন স্থানে নিয়ে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নেন আসামিরা। ঘটনার পরদিন অটোচালক বিজয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের মা মিনারা বেগম বাদী হয়ে রায়পুরা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের দুইদিনের মধ্যে থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ বিজয় হত্যায় জড়িতদের গ্রেফতার করে। পরে তারা আদালতে হত্যার দায় স্বীকার করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার হালিম জানান, দ্রুততম সময়ের মধ্যে এমন একটি চাঞ্চল্যকর হত্যা মামলার রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। দোষীরা তাদের উপযুক্ত সাজা অবশ্যই পাবে।