ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রক্তাক্ত অবস্থায় মিলল যুবকের লাশ, পাশে বসে কাঁদছিলেন ভিক্ষুক

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫৫, ৬ মার্চ ২০২৪
রক্তাক্ত অবস্থায় মিলল যুবকের লাশ, পাশে বসে কাঁদছিলেন ভিক্ষুক
ফাইল ছবি

চট্টগ্রাম নগরের খুলশী থানার ঝাউতলা রেলস্টেশন এলাকায় ছুরিকাঘাতে মুজিব নামে এক যুবক খুন হয়েছেন। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা তাকে খুন করেছে তা জানা যায়নি।

নিহত মুজিব নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকার বাসিন্দা। তার একটি রিকশার গ্যারেজ আছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, ঝাউতলা রেলস্টেশন এলাকায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন মুজিব। পথচারীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Advertisement

মুজিবকে উদ্ধার করে হাসপাতালে নেয়া পথচারী মোহাম্মদ নাজিম বলেন, অফিস থেকে বের হয়ে রেলগেট এলাকায় মানুষের জটলা দেখতে পাই। কাছে গেলে দেখি ৩০ থেকে ৩২ বছর বয়সী এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার পাশেই এক ভিক্ষুক নারী কান্না করছিলেন। তখনও জীবিত ছিলেন ওই যুবক। পরে অটোরিকশায় তুলে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে নগর পুলিশের এডিসি (উত্তর) পংকজ দত্ত বলেন, আমাদের হাতে একটি সিসিটিভি ফুটেজ এসেছে। আমরা বিষয়টি তদন্ত করছি। প্রাথমিক তদন্তে জড়িত একজনকে শনাক্তে কাজ চলছে। কেন বা কী কারণে খুন করা হয়েছে সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!