ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসর ঘরের ফুল শুকানোর আগেই স্বামীর হাতে স্ত্রী খুন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
বাসর ঘরের ফুল শুকানোর আগেই স্বামীর হাতে স্ত্রী খুন
নিহত নববধূ তাসলিমা। ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রকাশ্যে তাসলিমা আক্তার (২২) নামে এক নববধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। বাসর ঘরের ফুল শুকানোর আগেই বিয়ের পাঁচদিনের মাথায় ঐ নববধূকে তার প্রবাসী স্বামী মো. হামিদুল ভুঁইয়া (২৮) গলাকেটে করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বরের বড় ভাই হানিফ ভুঁইয়া। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত হামিদুল ঐ গ্রামের মৃত আ. লতিফ ভুঁইয়ার ছেলে। তিনি গত ১৬ দিন আগে সৌদি আরব থেকে বাড়িতে আসেন।

Advertisement

নিহত গৃহবধূ তাসলিমা আক্তার ব্রাহ্মণবাড়ীয়া জেলা সদর উপজেলার বাসুদেব গ্রামের আ. রাজ্জাকের মেয়ে। এ ঘটনার পর থেকে হামিদুল ভুঁইয়া পলাতক রয়েছেন।

জানা গেছে, হামিদুল বেশ কয়েক বছর আগে সৌদি আরবে যান। তবে বেশকিছু দিন ধরেই পরিবারের লোকজন তাকে বিয়ে করানোর জন্য পাত্রী খুঁজছিলেন। একপর্যায় সদর উপজেলার বাসুদেব গ্রামে পাত্রী পছন্দ করা হয়।

গত প্রায় ৮ মাস আগে বর সৌদিতে থাকা অবস্থায় সামাজিকভাবে বাসুদেব গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার মেয়ে তাসলিমা আক্তারের সঙ্গে মোবাইল ফোনে মাধ্যমে বিয়ে ঠিক হয়। গত ১৫ দিন আগে হামিদুল সৌদি থেকে বাড়িতে আসেন। এরপর গত ৯ ফেব্রুয়ারি শুক্রবার আনুষ্ঠানিকভাবে তাসলিমাকে উঠিয়ে আনেন হামিদুল। পরের দিন শনিবার তিনি তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে যান। এরপর রোববার তারা দু’জন সেখান থেকে নিজ বাড়িতে চলে আসেন।

বাড়িতে আসার পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। কলহের জের ধরে মঙ্গলবার ধারালো ছুরি দিয়ে স্ত্রী তাসলিমাকে গলাকেটে হত্যা করেন স্বামী হামিদুল। এ সময় হামিদুলের বড় ভাই হানিফ বাধা দিলে তাকেও হামিদুল ছুরিকাঘাত করেন।

আখাউড়া থানার ওসি নুরে আলম বলেন, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত হামিদুলকে আটকের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!