ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আলোকচিত্র মানুষের কথা বলে: খুলনা সিটি মেয়র

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:১০, ৮ ফেব্রুয়ারি ২০২৪
আলোকচিত্র মানুষের কথা বলে: খুলনা সিটি মেয়র
খুলনায় জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী উদ্বোধন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক। ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, আলোকচিত্র মানুষের কথা বলে। ছবির মাধ্যমে সমাজের সুখ-দুঃখ-আনন্দের বাস্তব চিত্র ফুটিয়ে তোলা যায়। ফটোগ্রাফির ক্ষেত্রে আমাদের অনেক সফলতা ও সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মহানগরীর জেলা শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী ১১তম খুলনা ফটোগ্রাফিক সোসাইটি (কেপিএস) আয়োজিত জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী উদ্বোধন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মেয়র বলেন, এই প্রতিষ্ঠানের সুনাম দেশে ও বিদেশে ছড়িয়ে পড়েছে। ছবি একটি গুরুত্বপূর্ণ শিল্প। এই আলোকচিত্র থেকে আবহমান বাংলার প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন। খুলনা ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আমিরুল খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন সোসাইটির সহসভাপতি অধ্যাপক ডা. আফরোজা খানম ও শেখর কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে প্রথম পুরস্কারপ্রাপ্ত ফটোগ্রাফার রকিবুল আলম খান বক্তব্য দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ ইকবাল মোর্শেদ মনি।

অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রাইজমানি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন মেয়র।

তিন দিনব্যাপী এই প্রদর্শনী সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এতে দেশের বিভিন্ন অঞ্চল ও বিদেশ থেকে প্রেরিত ফটোগ্রাফাররা তাদের ১৩৯টি আলোকচিত্র প্রদর্শন করছেন। আগামী ১০ ফেব্রুয়ারি বিকেল ৪টায় প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!