ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

খাল দখলমুক্ত করতে অবৈধ বিল্ডিংও ভেঙে দেওয়া হবে: মেয়র আতিক 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৩, ২ ফেব্রুয়ারি ২০২৪
খাল দখলমুক্ত করতে অবৈধ বিল্ডিংও ভেঙে দেওয়া হবে: মেয়র আতিক 
মিরপুর প্যারিস খাল উচ্ছেদ অভিযান চলা অবস্থায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম- ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, মিরপুর প্যারিস খালের অবৈধ দখল উচ্ছেদ করতে প্রয়োজনে চার-পাঁচতলা বিল্ডিংও ভেঙে দেওয়া হবে।  

মিরপুর প্যারিস খাল উচ্ছেদ অভিযান চলা অবস্থায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুক্রবার এ কথা বলেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, গৃহায়ণ কর্তৃপক্ষ এরই মধ্যে খালের জমি মাপতে শুরু করেছে। যদি খালের জায়গার মধ্যে বিল্ডিং তৈরি করা হয়, তা ভেঙে দেওয়া হবে। খালের জায়গা মাপের মধ্যে কিছু বস্তির জায়গা পড়েছে। বস্তির নিম্ন আয়ের মানুষদের বলেছি, পর্যায়ক্রমে আপনারা এখান থেকে সরে যান।

Advertisement

ডিএনসিসি মেয়র বলেন, এখান থেকে সরে যাওয়ার জন্য বস্তিবাসীদের এক মাস সময় দেওয়া হয়েছে। চাইলে আজকে বুলডোজার দিয়ে সব ভেঙে ফেলতে পারতাম, কিন্তু তাদের সময় দিয়েছি বলে ভাঙা হয়নি। 

তিনি বলেন, এখানে কিছু কিছু জায়গায় মাদকের বাণিজ্য চলে। এখানে বড় একটি চক্র ও গ্যাং মাদক কারবারি করছে বলে আমার কাছে তথ্য এসেছে। অভিযান শুরু হয়েছে। এখানে ধাপে ধাপে কাজ করা হবে। প্রথমে আমরা প্যারিস খালের পানির প্রবাহ নিশ্চিত করতে চাই।

আতিকুল ইসলাম বলেন, খালের ৪০ ফিট জায়গা উদ্ধারের পরে যে জায়গা থাকবে, সে জায়গায় ওয়াকওয়ে তৈরি করা হবে। পরে দুপাশে আরো জায়গা পাওয়া গেলে একটি নান্দনিক পার্কও তৈরি করার ইচ্ছা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: মেয়র
লিংক সফলভাবে কপি হয়েছে!