বুধবার বেলা ১১ টা থেকে বিকেল পর্যন্ত গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর (নয়নপুর) গ্রামে বনভূমি উদ্ধারের ঘটনা ঘটে। ঢাকা বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, স্থানীয় মাহমুদুল হাসান রিপন এবং দুলাল ফকির গং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন নয়নপুর এলাকায় গেজেটভুক্ত ৩ দশমিক ৮ একর জমি নিজেদের দাবি করে তারা ওই জমির চারপাশে টিন দিয়ে জমির চারিপাশে সীমানা নির্ধারণ করে।
.png)
অভিযুক্ত দুলাল ফকির বলেন, এসএ সিএস আরএস তিনটি রেকর্ডই আমাদের নামে রয়েছে। জমিতে বনের গেজেটভুক্ত থাকায় বন বিভাগ তাদের দাবি করে দখলে নিয়েছে।
শ্রীপুর ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, বন বিভাগের জমি থেকে জবরদখলকারীদের উচ্ছেদ করা হয়েছে। দখলকারীদের বিরুদ্ধে বন বিভাগ মামলা করেছে। বেলা ১১ টা থেকে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে বন বিভাগের ৬০ সদস্যের একটি দল অংশ নেয়। এ সময় টিন, বাঁশ ও পিলার দিয়ে তৈরি বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়। ইট দিয়ে নির্মাণাধীন কয়েকটি স্থাপনাও ভেঙে দেওয়া হয়।
তিনি আরো জানান, উপজেলার গাজীপুর ইউনিয়নের ৪ নম্বর ধনুয়া মৌজার এসএ খতিয়ান ৭১, এসএ দাগ ১৭৭৩, আরএস খতিয়ান ১১২৭ এবং আরএস দাগ ৬৯৪৫। যার সবটুকুই বন বিভাগের গেজেটভুক্ত জমি।
ঢাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো.শামসুল আরেফিন বলেন, উপজেলার গাজীপুর ইউনিয়নের ৪ নম্বর ধনুয়া মৌজার ১৭৭৩ খতিয়ানের সবটুকুই বনবিভাগের গেজেটভুক্ত জমি। স্থানীয় কিছু লোকজন বনের গেজেটভুক্ত ৩ দশমিক ৮ একর জায়গা দখল করে নেয়। খবর পেয়ে সীমানা প্রাচীর ভেঙে দিয়ে বন বিভাগের জায়গা উদ্ধার করা হয়।