ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৪, ২৪ জানুয়ারি ২০২৪
কিশোরগঞ্জে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২
গ্রেফতারকৃত ছাত্রদল নেতা তাকবীর উদ্দিন রকিব ও তার সহযোগী তাজবির রায়হান বিপ্লব

কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তাকবীর উদ্দিন রকিব ও তার সহযোগীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-১৪। 

র‌্যাব-১৪ জানায়, একাধিক অস্ত্র, নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত পলাতক আসামি তাকবীর উদ্দিন রকিব। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, জেলা শহরের হারুয়া ক্লাসিক গল্লি এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য বেআইনিভাবে দেশীয় অস্ত্রশস্ত্র মজুত রেখে হোসেনপুর উপজেলার নান্দানিয়া এলাকায় পালিয়ে আছেন রকিব। এমন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ জানুয়ারি) রাত ৩টার দিকে র‌্যাব-১৪ জেলার হোসেনপুর উপজেলার নান্দানিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকবীর উদ্দিন রকিবকে গ্রেফতার করে।

রকিব হারুয়া মানিক ফকির গলির মৃত আবু তাহের ওরফে মাইক তাহেরের ছেলে। তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের ভিত্তিতে হারুয়া ক্লাসিক গলির তার সহযোগী অপর আসামি তাজবীর রায়হান বিপ্লবের বাড়িতে তল্লাশি চালানো হয়। পরে ভোরে দেশীয় তৈরি ৮টি ধারালো রামদা, একটি চাপাতি, দুটি চাইনিজ কুড়াল ও একটি লোহার চেইন উদ্ধারসহ অপর আসামি তাজবির রায়হান বিপ্লবকে গ্রেফতার করে র‌্যাব। তাজবির রায়হান বিপ্লব হারুয়া ক্লাসিক গল্লির মো. ইলিয়াস মিয়ার ছেলে।

Advertisement

র‍্যাব জানায়, অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!