বুধবার সকালে উপজেলার মিঠাছড়া ফাজিল মাদরাসায় এ ঘটনা ঘটে। মৃত অধ্যক্ষ মাওলানা এমদাদ উল্লাহ খান ফেনী জেলার ফুলগাজী উপজেলার আমান উল্লাহ খানের ছেলে। তার পরিবার ঢাকায় থাকে।
মাদরাসার শিক্ষক সেলিম নিজামী জানান, মাদরাসার বার্ষিক বনভোজনে খাগড়াছড়ি যাওয়ার কথা। সকাল থেকে অধ্যক্ষকে বার বার ফোন করার পরও তিনি রিসিভ না করায় সকাল ৮টার দিকে উনার বাসায় গিয়ে দেখা যায় ফ্লোরে পড়ে আছেন অধ্যক্ষ। পরে তাকে উদ্ধার করে স্থানীয় সেবা আধুনিক হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনার পর বার্ষিক বনভোজন বাতিল করা হয়েছে।
.png)
তিনি আরো বলেন, এমদাদ উল্লাহ খান মিরসরাই পৌর সদরের ফারুকীয়া রোড়ে ভাড়া বাসায় থাকতেন। অধ্যক্ষ হিসেবে ২০১৭ সালের ৮ অক্টোবর মিঠাছড়া মাদরাসায় যোগদান করেন। জোহরের নামাজের পর মিঠাছড়া মাদরাসা মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর ফেনীর ফুলগাজীতে দ্বিতীয় ও ঢাকায় তৃতীয় জানাযা শেষে দাফন করা হবে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মরিয়ম বিনতে ফারুক জানান, বুধবার সকালে মিঠাছড়া মাদরাসার অধ্যক্ষের মরদেহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মিরসরাই থানার ওসি সহিদুল ইসলাম জানান, অধ্যক্ষের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ দেখে মনে হয়েছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মৃত্যু স্বাভাবিক।