ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টিসিবির পণ্যে খুশি ক্রেতারা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৩, ২২ জানুয়ারি ২০২৪
টিসিবির পণ্যে খুশি ক্রেতারা
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় নিম্নআয়ের মানুষের নিকট টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা পরিষদ চত্বরে নিম্নআয়ের কার্ডধারী মানুষের মাঝে ভর্তুকি মূল্যে এ বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন।

প্রত্যেক কার্ডধারী ২ কেজি করে মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চাল পাচ্ছেন। মসুর ডাল ৬০ টাকা কেজি, সয়াবিন তেল ১০০ টাকা লিটার ও চাল ৩০ টাকা দরে বিক্রি করা হয়।

টিসিবির পণ্য হাতে পেয়ে আয়েশা বেগম জানান, বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য অনেক বেশি। এই ঊর্ধ্বগতির বাজারে স্বল্পমূল্যে তেল, ডাল ও চাল পেয়ে অনেক খুশি। সরকার সব সময় যেন আরো কিছু নিত্যপণ্য যোগ করে তাহলে আমরা উপকৃত হবো।

Advertisement

মোস্তাক ও টিটু টিসিবির পণ্য হাতে পেয়ে জানান, সরকার আমাদের মতো নিম্নআয়ের মানুষের কথা চিন্তা করে স্বল্পমূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস দেওয়ায় অনেক উপকার হয়েছে। টিসিবিতে আরো কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস দিলে আমাদের উপকার হতো।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন বলেন, জানুয়ারি মাসে সদর উপজেলার নিম্নআয় ও সুবিধাবঞ্চিত কার্ডধারী মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। পৌরসভায় ৪ হাজার ৯৫২ জনসহ সদর উপজেলায় ১৬ হাজার ৬১৮ জন নিম্নআয়ের কার্ডধারী মানুষের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির এ পণ্য বিক্রি করা হচ্ছে। সোমবার পৌরসভার সদর উপজেলা পরিষদ চত্বর, কালভৈরব, কারখানাঘাট আনন্দবাজার ও শেরপুর ঈদগাহ মাঠে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে।

তিনি আরো বলেন, নিম্নআয়ের মানুষের মাঝে এই কার্যক্রমটি খুবই জনবান্ধব। নিম্নআয়ের মানুষরা যেন সঠিকভাবে এই পণ্য পান, সে জন্য জোরদারভাবে তদারকি করা হচ্ছে। কোনো ডিলার দুর্নীতি করলে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!