ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় বই উৎসবে আনন্দে মাতোয়ারা শিক্ষার্থীরা 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০১, ১ জানুয়ারি ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় বই উৎসবে আনন্দে মাতোয়ারা শিক্ষার্থীরা 
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন বছরে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে জেলা শহরের প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ বই উৎসব অনুষ্ঠিত হয়। বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এ দিকে নতুন বছরের শুরুতে কাঙ্ক্ষিত বই পেয়ে খুশি শিক্ষার্থীরা।

ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাচীন বিদ্যাপীঠ আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী অন্বেষা পাল বলেন, নতুন বই পাওয়ার জন্য পুরো বছর জুড়ে মুখিয়ে ছিলাম। এখন বই পেয়ে আমি খুব খুশি। এখন পুরো বছর জুড়ে পড়ালেখা করবো। দেশকে এগিয়ে নিয়ে যাব।

Advertisement

একই বিদ্যালয়ের শিক্ষার্থী তানিয়ার রহমান বলেন, বছরের শুরুতে বই পেয়ে আমরা বেশ উচ্ছ্বসিত। নতুন বইয়ের ঘ্রাণ যেন আমাদেরকে মোহিত করে তুলেছে। আমরা প্রতিটি বইয়ের পাতা পড়ে জ্ঞান অর্জনের মাধ্যমে নিজে সমৃদ্ধ হব। দেশকে এগিয়ে নিয়ে যাব।

অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী অজয় দাশ জানায়, নতুন বই পেয়ে খুব ভালো লাগছে। নতুন বই পড়তে অনেক ভালো লাগে।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, দেশ গড়তে হলে মানসম্মত শিক্ষার প্রয়োজন। আজকের শিশুরা আগামী দিনে দেশ গড়ার সে কারিগর। যদি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দেয়া না হয়, তাহলে ২০৪১ সালের মধ্যে সুখি সমৃদ্ধ দেশ গড়া সম্ভব হবে না। তিনি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষাদানের জন্য শিক্ষক ও অভিভাবকদের কাছে অনুরোধ জানান।

বই উৎসব অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষকও আইসিটি) এস এম শান্তুুনু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামছুর রহমান। পরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

এ বছর প্রাথমিক পর্যায়ে ২ হাজার ২১০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ লাখ ৫৮ হাজার ৩৫৩ জন শিক্ষার্থীর মাঝে ২৪ লাখ ১২ হাজার ১০৫ টি বই। আর মাধ্যমিক পর্যায়ে ৩৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ লাখ ৪৫ হাজার ২৪৩ জন শিক্ষার্থীর মাঝে ৩৮ লাখ ১ হাজার ২৫০ টি বই বিতরণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!