মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, একইদিন ভোরে আশুগঞ্জ উপজেলার লালপুর কান্দাপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি আহত হন।
মৃত তিননাথ দাস আশুগঞ্জ উপজেলার লালপুর কান্দাপাড়া গ্রামের পিছন দাসের ছেলে। তিনি লালপুর বাজারে মাছের ব্যবসা করতেন।
.png)
জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে তিননাথ দাস বাড়ি থেকে লালপুর বাজারের মৎস্য আড়তে যাচ্ছিলেন। পথে উপজেলার লালপুর কান্দাপাড়া এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার ওপর আক্রমণ করে। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তিননাথ দাসকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহম্মেদ জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।