ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নতুন বইয়ে শিক্ষার্থীদের জীবনে নতুন গল্প শুরু

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৯, ১ জানুয়ারি ২০২৪
নতুন বইয়ে শিক্ষার্থীদের জীবনে নতুন গল্প শুরু
বই উৎসব

নতুন বইয়ের নতুন গন্ধ, নতুন গল্প, ছবির সঙ্গে যেন শুরু হয় শিক্ষার্থীদের জীবনের নতুন গল্প। নতুন বইয়ের সঙ্গে নিজেদের কল্পনার জগতের সঙ্গে মিলিয়ে আলাদা ভাবনায় কেটে যায় দিন। প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরের প্রথম দিনেও সারাদেশের মতো যশোরে হয়েছে বই উৎসব।

সোমবার সকালে বই উৎসবের মাধ্যমে জেলার শিক্ষার্থীদের হাতে ৫০ লাখ ২০ হাজার ৭৯১টি নতুন বই তুলে দেওয়া হয়েছে। বই পেয়ে তারা বেজায় খুশি। আর তাদের হাতে বই তুলে দিয়ে সন্তুষ্ট সংশ্লিষ্ট কর্মকর্তারাও।

নতুন বই হাতে পেয়েই উল্টেপাল্টে দেখছিলেন যশোর জিলা স্কুলের শিক্ষার্থী জিয়াউল আহসান। তার চোখে মুখে তখন শীত-সকালের রোদের মতোই চাপা আনন্দের ঝিলিক। বাংলা বইয়ের সবগুলো গল্প আজ রাতের মধ্যেই পড়ে শেষ করবে বলে বাবার কাছে বায়না ধরেছে সে। পুত্রের মাথায় হাত বুলিয়ে দিয়ে যেন সম্মতিও দিলেন তার বাবা।

Advertisement

শারমিন আক্তার নামে এক শিক্ষার্থী বলে, বছরের প্রথম দিন বই পেয়ে আমি খুব খুশি। নতুন বইয়ের গান নেব এবং নতুন নতুন গল্পগুলো বাসায় গিয়ে পড়বো।

যশোরে এ বছর প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১৩ লাখ ৩৯ হাজার ৫৫১টি বইয়ের চাহিদা ছিল। এর শতভাগ হাতে পেয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। আর মাধ্যমিক পর্যায়ে ৩৬ লাখ ৮১ হাজার ২৪০ পিস বইয়ের চাহিদা ছিল। এর মধ্যে অষ্টম ও নবম শ্রেণির ইংরেজি বই বাদে সব বই এসে পৌঁছেছে। বছরের প্রথম দিনে আজ বই উৎসবের মাধ্যমে সেই বইয়ের সব শিক্ষার্থীর হাতে পৌঁছে দেওয়া হয়েছে।

বই উৎসব

সকাল ৯টায় যশোর সরকারি বালিকা বিদ্যালয়ে বই উৎসবের সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক যশোর জিলা স্কুলে শিক্ষার্থীদের হাতে বই দিয়ে উৎসবের সূচনা করেন।

বছরের প্রথম দিনে বই পেয়ে বেজায় খুশি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে সন্তুষ্ট জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। তিনি বলেন, সরকার বিনামূল্য প্রতি বছর শিক্ষার্থীদের বই পৌঁছে দেয়। এ বছর সারাদেশে ৩০ কোটি বই বিতরণ করা হচ্ছে। যশোরের প্রাথমিক ও মাধ্যমিকের প্রায় শতভাগ বই চলে এসেছে। আজ আমরা শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পেরে সন্তুষ্ট।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!