ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতায় প্রাণ গেল কলেজছাত্রের

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩১, ১২ ডিসেম্বর ২০২৩
মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতায় প্রাণ গেল কলেজছাত্রের
ছবিতে নাহিদ হাসান সাগর

প্রতিযোগিতা করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় নাহিদ হাসান সাগর (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। সোমবার (১১ ডিসেম্বর) রাতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উপজেলার কুমারি ভেটেরিনারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ হাসান সাগর আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত মুনতাজ আলীর ছেলে। তিনি আলমডাঙ্গা সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

আহতরা হলেন- আলমডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ার মন্টু আহমেদের ছেলে নাইম জোহান (১৯) ও ওয়াজেদ আলীর ছেলে সাজিদ হাসান (১৮)।

Advertisement

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেলে দুটি মোটরসাইকেলে হারদি বাজারে ঘুরতে যান সাগর ও তার ৪ বন্ধু। রাতে বাড়ি ফেরার পথে প্রতিযোগিতা করে মোটরসাইকেল চালান তারা। এ সময় কুমারি ভেটেরিনারি কলেজের সামনে পৌঁছালে নাইমের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বট গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ওই মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন নাইম ও তার দুই বন্ধু সাগর ও সাজিদ।

স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত নাইম ও সাজিদকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আলমডাঙ্গা থানার পরির্দশক একরাম হোসাইন বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!