ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলবে আজ

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০০:৩৯, ৯ ডিসেম্বর ২০২৩
ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলবে আজ
পাগলা মসজিদ -ফাইল ছবি

কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের আটটি লোহার দানবাক্স রয়েছে। প্রতি তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হয়। এবার ৩ মাস ১০ দিন পর শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৮টায় দানবাক্সগুলো খোলা হবে। 

শনিবার সকাল ৮টায় মসজিদের আটটি দানবাক্স খোলা হবে বলে নিশ্চিত করেছেন পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা শওকত ভূঁইয়া। 

টাকা গণনার কাজে অংশ নিবেন- প্রশাসনিক কর্মকর্তা, মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তারা।

Advertisement

এর আগে সর্বশেষ ২০২৩ সালের ১৯ আগস্ট ৩ মাস ১৩ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন রেকর্ড ৫ কোটি ৭৮ লাখ ৯ হাজার ৩২৫ টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল। এবার ৩ মাস ১০ দিন পর ৮টি দানবাক্স খোলা হবে। 

স্থানীয় সূত্রে জানা যায়, এই মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়। এমন ধারণা থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ মসজিদে দান করে থাকেন।

জনশ্রুতি আছে, এক সময় এক আধ্যাত্মিক পাগল সাধকের বাস ছিল কিশোরগঞ্জ শহরের হারুয়া ও রাখুয়াইল এলাকার মাঝ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদের মধ্যবর্তী স্থানে জেগে ওঠা উঁচু টিলাকৃতির স্থানটিতে। মুসলিম-হিন্দু নির্বিশেষে সব ধর্মের লোকজনের যাতায়াত ছিল ওই সাধকের আস্তানায়। ওই পাগল সাধকের দেহাবসানের পর তার উপাসনালয়টিকে কামেল পাগল পীরের মসজিদ হিসেবে ব্যবহার শুরু করে এলাকাবাসী।

কিন্তু ওই সাধকের দেহাবসানের পর থেকে আশ্চর্যজনকভাবে এলাকা এমনকি দেশের দূর-দূরান্তের লোকজনের ভিড় বাড়তে থাকে। মানত কিংবা দান খয়রাত করলে মনোবাসনা পূরণ হয় এমন বিশ্বাস থেকে বিভিন্ন বয়সের হিন্দু-মুসলিমসহ বিভিন্ন ধর্ম-বর্ণের নারী-পুরুষ মানত নিয়ে আসেন এই মসজিদে। তারা নগদ টাকা-পয়সা, স্বর্ণ ও রুপার অলঙ্কারের পাশাপাশি গরু, ছাগল, হাঁস-মুরগি এমনকি বৈদেশিক মুদ্রাও দান করেন। বিশেষ করে প্রতি শুক্রবার দেশের বিভিন্ন স্থান থেকে এই মসজিদে মানত নিয়ে আসা বিভিন্ন বয়সের নারী-পুরুষের ঢল নামে। আগতদের মধ্যে মুসলিমদের অধিকাংশই জুমার নামাজ আদায় করেন মসজিদে। আর এ ইতিহাস প্রায় ২৫০ বছরেরও অধিক সময়ের বলে জানা যায়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!