ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় ভোটার বেড়েছে ২২ হাজার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২১:২২, ৪ ডিসেম্বর ২০২৩
আখাউড়ায় ভোটার বেড়েছে ২২ হাজার
ছবি: ডেইলি বাংলাদেশ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (ব্রাহ্মণবাড়িয়ার-৪) কসবা আখাউড়া আসনে আখাউড়া উপজেলায় ভোটার সংখ্যা বেড়েছে ২২ হাজার ৪০৮ জন। বর্তমানে এ উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৬ হাজার ২০৪ জন।

যা গত একাদশ নির্বাচনে ছিল ১ লাখ ৩ হাজার ৭৯৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬৪ হাজার ৮১৮ জন এবং মহিলা ভোটার ৬১ হাজার ৩৮৪ জন। তাছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, একটি পৌরসভা ও ৫টি ইউনিয়ন নিয়ে এ উপজেলা গঠিত। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৪৫৭ জন, আখাউড়া দক্ষিণ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ২৪৭ জন, আখাউড়া উত্তর ইউনিয়নে ভোটার সংখ্যা ১০ হাজার ২৪৯ জন, মোগড়া ইউনিয়নে ভোটার সংখ্যা ২৪ হাজার ২৭৭ জন, মনিয়ন্দ ইউনিয়নে সংখ্যা ২১ হাজার ৫৯৯ জন ও ধরখার ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৯ হাজার ৩৭৫ জন।

Advertisement

পৌর শহরের তারাগন এলাকার তরুণ ভোটার মো. মহসীন মিয়া বলেন, এ বছর আমি নতুন ভোটার হয়েছি। সামনে জাতীয় সংসদ নির্বাচন। নিজের প্রার্থীকে দেখে প্রথম ভোট দেব। তাই খুবই আনন্দ লাগছে। আশা করি আমার ভোট আমি দিতে পারবো।

আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের শিক্ষার্থী মুর্শেদুল ইসলাম খোকন বলেন, এক বছর হলো আমি ভোটার হয়েছি। কিছুদিন পরই জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে আমি প্রথম ভোট দেব। এক সময় কেন্দ্রে গিয়ে ভোটাররা ভোট দিয়েছে আমরা দূর থেকে দেখেছি। এবার কেন্দ্রে গিয়ে ভোট দেব ভাবতে আমার খুবই ভালো লাগছে।

এদিকে সারা দেশের ন্যায় এই আসনে আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর প্রত্যাহার ও ১৮ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দ পেলে প্রচারণায় নামবেন প্রার্থীরা।

আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ আহমদ সিকদার জানান, দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ভোটার তালিকা, ভোটকেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশ করা হয়েছে। বর্তমানে এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৬ হাজার ২০৪ জন। উপজেলার ভোটকেন্দ্রের সংখ্যা না বাড়লেও ভোটকক্ষের সংখ্যা বেড়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!