ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নালিতাবাড়ীতে ৯৫ বোতল বিদেশি মদসহ আটক ১

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৮, ২ ডিসেম্বর ২০২৩
নালিতাবাড়ীতে ৯৫ বোতল বিদেশি মদসহ আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদসহ শংকর কোচ (২৮) নামে এক আদিবাসী মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাব-১৪ জামালপুরের এর সদস্যরা। উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া গ্রামের মধুটিলা ইকোপার্ক এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক শংকর কোচ পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের শগেন্দ্র কোচের ছেলে। শনিবার সকালে থানা পুলিশের মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সমশ্চুড়া এলাকার মধুটিলা পর্যটন কেন্দ্রগামী পাকা রাস্তার উত্তর পাশে একজন মাদক পাচারের উদ্দেশ্যে গাড়ির জন্য অপেক্ষা করছেন। এ সংবাদের ভিত্তিতে শুক্রবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আবরার ফয়সাল সাদীর নেতৃত্বে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় আমদানি নিষিদ্ধ ৯৫ বোতল ভারতীয় মদসহ শংকর কোচকে আটক করা হয়।

Advertisement

র‌্যাব জানায়, আটক শংকর কোচ মাদক ব্যবসায়ী চক্রের একজন সক্রিয় সদস্য। তিনি মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জায়গায় মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আবরার ফয়সাল সাদী জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!