ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়কে ঝরল ২ প্রাণ, ট্রাক কেটে চালকের মরদেহ বের করল ফায়ার সার্ভিস

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৩, ২৮ নভেম্বর ২০২৩
সড়কে ঝরল ২ প্রাণ, ট্রাক কেটে চালকের মরদেহ বের করল ফায়ার সার্ভিস
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ও দামুড়হুদা ইউনিয়নের চাকুলিয়া গ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ২৪ ঘণ্টায় দুইজন নিহত হয়েছেন।

সোমবার (২৭ নভেম্বর) ভোর ৬টার দিকে সরোজগঞ্জ পেট্রোল পাম্পের সামনে ও বেলা সাড়ে ১১টার দিকে চাকুলিয়া গ্রামের শেষপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঝিনাইদহ পৌর এলাকার খাজুরা পশ্চিমপাড়া গ্রামের মৃত সুলতানের ছেলে ট্রাকচালক রাজন ও চাকুলিয়া গ্রামের মৃত আজির বক্সের ছেলে বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান টেংরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে সারভর্তি ট্রাক নিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যাচ্ছিলেন ট্রাকচালক রাজন। ভোর ৬টার দিকে সরোজগঞ্জ পেট্রল পাম্পের কাছে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রাজন। খবর পেয়ে ট্রাক কেটে চালকের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

Advertisement

প্রত্যক্ষদর্শী এক যুবক বলেন, ভোরে একটি বিকট শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি একটি ট্রাক রাস্তার পাশে গাছে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকের ভেতর চালক তখনো বেঁচে ছিলেন। আমি ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি জানাই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের বডি কেটে চালককে বাইরে বের করেন। ততক্ষণে মারা যান ট্রাকচালক।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহবুবুর রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, বেলা ১১টার দিকে কার্পাসডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি চাকুলিয়া গ্রামে ফিরছিলেন লুৎফর রহমান। পথে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন লুৎফর রহমান। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে মারা যান লুৎফর রহমান।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!