ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে আম বাগানে পড়েছিল নারীর গলাকাটা মরদেহ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৬, ২৪ নভেম্বর ২০২৩
নাটোরে আম বাগানে পড়েছিল নারীর গলাকাটা মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের লালপুরে একটি আম বাগান থেকে মাহমুদা আক্তার বীথি নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার মধুবাড়ি মহল্লার তোফাকাটা মোড় এলাকার মজিবর রহমানের আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাহমুদা উপজেলার বরমহাটি গ্রামের আমজাদ হোসেনের মেয়ে। তিনি গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে কর্মরত ছিলেন।

লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেলে ক্লিনিকের ডিউটি শেষে বাড়ি চলে যান  মাহমুদা। শুক্রবার সকালে উপজেলার গোপালপুর পৌরসভার মধুবাড়ি মহল্লার তোফাকাটা মোড় এলাকার মজিবর রহমানের আম বাগানে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

Advertisement

মুক্তার ক্লিনিকের পরিচালক মো. মুক্তার হোসেন বলেন, ওই নারী তার ক্লিনিকে ডাক্তার আনোয়ার হোসেনের আল্ট্রাসনোগ্রাফি সহকারী হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার বিকেলে ডিউটি শেষে তিনি ক্লিনিক থেকে বাড়ি চলে যান। সকালে তার মরদেহ পাওয়ার খবর জানতে পারি।

নিহতের বাবা আমজাদ হোসেন জানান, বৃহস্পতিবার সকালে তার মেয়ে বাড়ি থেকে বের হয়ে ক্লিনিকে যান। কিন্তু ডিউটি শেষে রাতেও বাড়িতে না ফেরায় বিভিন্ন জায়গায় খোজাখুঁজি করতে থাকেন। কিন্তু কোনো সন্ধান পাননি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেয়ের মরদেহ শনাক্ত করেন। 

অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজীব বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এরই মধ্যে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে নেমেছে সিআইডি তদন্ত দল। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!