ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ধামইরহাটে নাশকতা মামলায় শ্রমিক দলের নেতা গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৫, ২৩ নভেম্বর ২০২৩
ধামইরহাটে নাশকতা মামলায় শ্রমিক দলের নেতা গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর ধামইরহাটে নাশকতা সৃষ্টি সংক্রান্ত মামলার এজাহার নামীয় আসামি রাজু হোসেনকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব। তিনি উপজেলার হাটনগর গ্রামের মেহেরুল ইসলামের ছেলে এবং পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার সকাল ৯টায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- দেশব্যাপী চলমান অবরোধের অংশ হিসেবে গত ২৯ অক্টোবর ধামইরহাট থানার রসপুর দাখিল মাদরাসা মাঠে রাজু হোসেনসহ আরো অনেকে গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে। এ ঘটনায় ধামইরহাট থানায় একটি মামলা রুজু হয়। মামলার পর থেকে দুর্বৃত্তরা আত্মগোপন করেন।

মামলার বিবরণে জানা যায়- আসামি রাজু হোসেন ধামইরহাট থানার বিভিন্ন সরকারি স্থাপনা, রাস্তাঘাট, কালভার্ট, সেতু, বিদ্যুৎ কেন্দ্রসহ সরকারি প্রতিষ্ঠানে অন্তর্ঘাতমূলক হামলা করে নাশকতা সৃষ্টির মাধ্যমে সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি ও জনবলের মধ্যে ভয়ভীতি সঞ্চার করার পরিকল্পনা, প্রস্তুতি ও সহযোগিতা করেছেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বুধবার রাত ৭টায় উপজেলার চকময়রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। রাজুকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!