ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চানাচুর বিক্রেতার সততা, ফেরত দিলেন কুড়িয়ে পাওয়া অর্ধলাখ টাকা 

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৩, ২৭ অক্টোবর ২০২৩
চানাচুর বিক্রেতার সততা, ফেরত দিলেন কুড়িয়ে পাওয়া অর্ধলাখ টাকা 
ছবি: সংগৃহীত

ভোলা সদর ইলিশা লঞ্চঘাটে কুড়িয়ে পাওয়া ৫০ হাজার টাকা প্রকৃত মালিককে ফেরত দিয়েছেন মো. মনির নামে এক চানাচুর বিক্রেতা। 

বৃহস্পতিবার দুপুরে পুলিশের মাধ্যমে প্রকৃত মালিক বৃদ্ধ আব্দুল খালেকের কাছে টাকাগুলো ফেরত দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় পূর্ব ইলিশা ইউপি সদস্য মো. সালাউদ্দিন ও লালমোহনের বদরপুর ইউপি সদস্য মো. মিজান পালোয়ান।

জানা যায়, গত সোমবার লালমোহন বদরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বৃদ্ধ আব্দুল খালেক চট্টগ্রাম থেকে মজু চৌধুরীঘাট হয়ে লঞ্চে ইলিশাঘাটে আসছিলেন। এ সময় অসাবধানতাবশত তার সঙ্গে থাকা ৫০ হাজার টাকা হারিয়ে যায়। পরে সেই বৃদ্ধ নিরুপায় হয়ে লঞ্চঘাটে হারানো টাকা খুঁজতে থাকেন। একপর্যায়ে টাকা না পেয়ে কান্নাকাটি করে বাড়ি ফিরে যান।

Advertisement

ইলিশা লঞ্চঘাটের ইজারার দায়িত্ব থাকা স্থানীয় মো. মহসিন বলেন, বৃদ্ধ লোকটি টাকা হারিয়ে অনেক হতাশ হয়ে গিয়েছিলেন। পরে আমি তার মোবাইল নম্বর রেখে দেই। টাকা পাওয়া গেলে তাকে ফোনে জানানোর কথা বলি। পরে জানতে পারি, ঘাটে মনির নামে এক চানাচুর বিক্রেতা টাকাগুলো কুড়িয়ে পেয়েছেন। তিনি টাকাগুলো গ্রিন ওয়াটার-৫ লঞ্চের মাস্টার হানিফের কাছে জমা দিয়েছেন। তারপর সেই বৃদ্ধকে আমার জানাই। 

ভোলা ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের এসআই গোলাম মোস্তফা বলেন, চানাচুর বিক্রেতা মনির টাকাগুলো পেয়ে জমা দিয়েছেন। তার সততা দেখে আমরা মুগ্ধ। তার কুড়িয়ে পাওয়া টাকাগুলো আমরা যাচাই-বাছাই করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছি। বৃদ্ধ লোকটি তার হারানো টাকাগুলো পেয়ে অনেক খুশি হয়েছেন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!